বরুড়া পৌর এলাকা থেকে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া পৌরসভার দারুল উলুম মাদ্রাসা-সংলগ্ন একটি পুকুর থেকে আমির হামজা (৮) নামের এক স্কুলছাত্র এবং পৌর ভবন-সংলগ্ন একটি খাল থেকে রিকশাচালক মোহাম্মদ আলীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার লাশ দুটি উদ্ধার করে বরুড়া থানার পুলিশ।বরুড়া থানার তদন্ত পরিদর্শক সাদেকুর রহমান জানান, বরুড়া পৌরসভার কসামী এলাকার প্রবাসী ফজলুল হকের স্ত্রী জাকিয়া বেগম সন্তানদের নিয়ে বরুড়া বাজারের একটি ভাড়া বাসায় থাকেন। গত বৃহস্পতিবার বেলা আনুমানিক একটার দিকে একটি হেলিকপ্টারের আওয়াজ শুনে বাসা থেকে বেরিয়ে আসে আমির হামজা। গতকাল শুক্রবার সকাল আটটায় পৌর এলাকার দারুল উলুম মাদ্রাসা-সংলগ্ন পুকুরে ওই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত আমির হামজা বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। অন্যদিকে একই দিন বেলা দুইটায় বরুড়া ব্র্যাক অফিস-সংলগ্ন খাল থেকে শাকপুর ইউনিয়নের মধ্য লক্ষ্মীপুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে রিকশাচালক মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ‘দুটি মৃত্যুই অপমৃত্যু। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’