বরুড়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান
ঢাকার বরুড়া ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার কুমিল্লার বরুড়া উপজেলার বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেওয়া হয়।সকাল নয়টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে এক সুধী সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী, সাবেক সাংসদ জাকারিয়া তাহের, সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ, ফাউন্ডেশনের মহাসচিব তোফাজ্জল আলী, সাবেক সভাপতি আবদুল হক ও রুহুল আমিন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পর্যায়, এসএসসি ও এইচএসসির ১৮৮ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। পরে উপজেলার শলকামুড়ি শাহেরবানু আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজকেরা জানান, ১২ বছর ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ পড়াশোনা শেষে চাকরির সংস্থানে সহায়ক ভূমিকা রেখে আসছে। এ বছর প্রতিষ্ঠানটির এক যুগ পূর্তি হলো।