বরুড়া সংসদীয় আসন পুনর্বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক মঞ্চে উঠে কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন। গত সোমবার এক প্রতিবাদ সভায় তাঁরা অবিলম্বে নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। দুপুর ১২টার দিকে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে ওই প্রতিবাদ সভা হয়। এতে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদকে আহ্বায়ক করে ২১ সদস্যের সংগ্রাম কমিটি গঠন করা হয়। গতকাল মঙ্গলবার এ কমিটির প্রথম সভা হয়। সভায় বর্তমান ও সাবেক সাংসদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি ঠিক করার সিদ্ধান্ত হয়েছে।এলাকাবাসী জানায়, বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুল হকের সভাপতিত্বে সোমবারের প্রতিবাদ সভায় বক্তব্য দেন হাফিজ আহমেদ, পৌরসভার মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম উপজেলা বিএনপির সভাপতি খায়রুল এনাম, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাবেক মেয়র বাহাদুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বখতেয়ার ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ। হাফিজ আহমেদ বলেন, নতুন করে বরুড়া উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নকে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করা যুক্তিযুক্ত নয়, বিধায় আমরা প্রতিবাদ জানাচ্ছি।’