বরুড়ার তিন ইউপিতে প্রশাসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা নিয়ে আইনগত জটিলতা দেখা দেওয়ায় কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর, শাকপুর, ভাউকসার, খোশবাস দক্ষিণ, শিলমুড়ি উত্তর ও শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নে প্রায় ১৫ বছর নির্বাচন হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ তিনটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দিয়েছে। জানতে চাইলে বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কবির উদ্দীন প্রথম আলোকে বলেন, তিন ইউনিয়নে প্রশাসক নিয়োগ হলেও ১২০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। বর্তমানে গালিমপুর ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা রয়েছে। অন্য ইউনিয়নগুলোর ক্ষেত্রে এখন আর কোনো ধরনের জটিলতা নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শাকপুর ইউনিয়নে বরুড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম জুয়েল আহমেদকে ও গালিমপুর ইউনিয়নে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী শওকত হোসেনকে প্রশাসক নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। এর আগে ১ এপ্রিল ভাউকসার ইউনিয়ন পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয় উপজেলা মৎস্য কর্মকর্তা বিপ্লব কুমার দাসকে।গালিমপুর, শাকপুর ও ভাউকসার গ্রামের বাসিন্দারা জানান, তাঁরা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। কিন্তু এভাবে বছরের পর বছর নির্বাচন না হলে এলাকায় উন্নয়নসহ নানা ধরনের কার্যক্রম ব্যাহত হচ্ছে।এদিকে ২০০৪ সালের ৪ মার্চ বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর, শিলমুড়ি দক্ষিণ এবং খোশবাস দক্ষিণ ইউনিয়নের নামকরণ ও সীমানা নির্ধারণ নিয়ে একটি গেজেট প্রকাশিত হয়। ওই গেজেটের বিরুদ্ধে শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদারসহ আরও দুজন চেয়ারম্যান উচ্চ আদালতে একটি রিট করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেন। পরবর্তী সময়ে আরেকটি পক্ষ এ ব্যাপারে রিট করলে আগের গেজেট বহাল রাখা হয়। কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হালিম খান বলেন, ভাউকসার ও শাকপুর ইউনিয়নের নির্বাচন করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। ঈদের পর এসব ইউনিয়নের নির্বাচন হবে।