বরুড়ার দুটি কেন্দ্রে কাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যালট পেপার ছিনতাই করা চলবে না, রাতের বেলায় সিল মারা চলবে না’—এ স্লোগান নিয়ে গতকাল সোমবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন সচেতন বরুড়াবাসী। বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত দুটি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় ভোট হচ্ছে কাল বুধবার। ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে অংশ নেন বরুড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক হাজার ২০০ ব্যালট ছিনতাই এবং পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচন শুরু হওয়ার আগের রাতে ৮০০ ব্যালটে সিল মারেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বহিরাগত সন্ত্রাসীরা রাতের বেলায় ঘুমন্ত প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ব্যালট ছিনিয়ে নেয়। এ জন্য দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, কেন্দ্র দুটির ভোটের চেয়ে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত ভোট বেশি হওয়ায় এ দুই পদে নির্বাচন হচ্ছে না। সেখানে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।