বরুড়ার পাঁচ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না
সীমানা নিয়ে বিরোধ ও আইনি লড়াইয়ের কারণে কুমিল্লার বরুড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হচ্ছে না। ইউনিয়নগুলো হচ্ছে—দেওড়া, গালিমপুর, খোশবাস দক্ষিণ, শিলমুড়ী দক্ষিণ ও শিলমুড়ী উত্তর। নির্বাচন না হওয়ার খবর শুনে ওই এলাকার ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা গেছে। আগামী ৫ জুন ওই উপজেলার অন্য নয়টি ইউনিয়নে একযোগে নির্বাচন হবে। গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খোশবাস দক্ষিণ, শিলমুড়ী উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ নিয়ে ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আর দেওড়া ও গালিমপুর ইউনিয়নে বিভক্তিকরণ ও সীমানা নিয়ে বিরোধ রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নির্বাচন হচ্ছে না। জানা গেছে, বরুড়া উপজেলায় ১৪টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে নয়টি ইউনিয়নে নির্বাচন হবে। ওই নয়টি ইউনিয়নের ৮৫টি ভোটকেন্দ্রে ৫ জুন ভোট গ্রহণ হবে।শিলমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন মজুমদার বলেন, ‘সীমানা নিয়ে মামলা থাকায় আমাদের ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। ১৯৯৭ সালের ৩১ ডিসেম্বর সর্বশেষ নির্বাচন হয়।’গালিমপুর ইউনিয়নের শাকপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘গালিমপুর ইউনিয়নকে বিভক্ত করে শাকপুর ইউনিয়ন করার বিষয়টি দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে। এর একটা বিহিত হওয়া দরকার। এ সময়ে নির্বাচন না হলে এলাকার উন্নয়নমূলক কার্যক্রম আরও স্থবির হয়ে পড়বে।’গালিমপুর, জোড়পুকুরিয়া, তারাপুকুরিয়া ও ভাউকসার গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচন হবে না জেনে তাঁদের মন খারাপ। এভাবে বছরের পর বছর নির্বাচন না হলে এলাকায় উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মিছবাহ উদ্দিন আহমদ জানান, ‘আগামী ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত কুমিল্লার ১৬ উপজেলার ১৭৮টি ইউনিয়নে নির্বাচন হবে। বরুড়ার পাঁচটি ইউনিয়নে সীমানা নিয়ে মামলা ও বিরোধ থাকার কারণে নির্বাচন হচ্ছে না।’ভারেল্লা ইউনিয়নেও নির্বাচন হচ্ছে না: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নেও নির্বাচন হচ্ছে না। স্থানীয় সরকার বিভাগ থেকে ওই ইউনিয়ন বিভক্তিকরণের প্রক্রিয়া চলছে—এমন নির্দেশনার কারণে নির্বাচন হচ্ছে না। তবে বুড়িচং উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে নির্বাচন হবে। ৮ জুন ওই ইউনিয়নগুলোতে ভোট গ্রহণ হবে।