বরুড়ার প্রধান সড়ক খানাখন্দে ভরা, ভোগান্তিতে যাত্রীরা
কুমিল্লার বরুড়া উপজেলার এ কে এম আবু তাহের সড়কের সাড়ে ৩২ কিলোমিটার অংশ খানাখন্দে ভরা। নির্ধারিত সময়ে সড়কটির সংস্কার ও মেরামত না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। তার ওপর সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বরুড়া উপজেলার প্রায় তিন লাখ বাসিন্দাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুমিল্লা থেকে বরুড়া উপজেলায় প্রবেশের প্রধান সড়ক এটি।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল হক গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘টাকা না পাওয়ার কারণে সড়কের কাজ বন্ধ ছিল। জরুরি ভিত্তিতে ১৫ কিলোমিটার অংশের সংস্কারকাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি অংশের কাজ শুরু হবে।’ সওজ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৮ মে কুমিল্লার লালমাই থেকে বরুড়া উপজেলা হয়ে জগতপুর পর্যন্ত ৩২ দশমিক ৫ কিলোমিটার সড়কের মেরামত ও কার্পেটিং কাজের জন্য চার কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই কাজ গত বছর ৬ অক্টোবরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরসি ও এমসিটি নির্ধারিত সময় কাজ শুরু করেনি। সরেজমিনে সোমবার ওই সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের চণ্ডীমুড়া, লগ্নসার, মাটিয়ারা, আমড়াতলী, লতিফপুর ও দেওড়া অংশে বিশাল বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের পিচ ওঠে গেছে। সড়কের কোথাও কোথাও ইট-সুরকি ওঠে গেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারও বাস, ট্রাক, ট্রাক্টর, মাইক্রোবাস, পণ্যবাহী বাহন, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ মোটরসাইকেল চলাচল করে।আড্ডা গ্রামের বাসিন্দা আবু হানিফ বলেন, ‘ঝলম থেকে আড্ডা পর্যন্ত যেটুকু অংশের কাজ হয়েছে, তার মান খুবই খারাপ।’বরুড়া থেকে প্রতিদিন কুমিল্লা শহরে আসা-যাওয়া করেন কলেজশিক্ষক মাসুদ মজুমদার। তিনি বলেন, ‘লালমাই থেকে বরুড়া পর্যন্ত সড়কের যাচ্ছেতাই অবস্থা। দীর্ঘ সময় মেরামত না হওয়ায় এর পিচ উঠে যাচ্ছে।’ তথ্যানুসন্ধানে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সহ-সমাজকল্যাণ সম্পাদক কবির হোসেন ভূঁইয়া। গতকাল সোমবার বিকেলে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলেনি। তবে এর আগে তিনি এ প্রতিবেদককে বলেছিলেন, ‘কাজটি অন্য একজন ঠিকাদার পেয়েছিলেন। তিনি অসুস্থ থাকায় কাজটি আমি করছি।’ কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী মনসুর ফারুক প্রথম আলোকে বলেন, ‘সড়কের অবস্থা খারাপ হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। একে তো সরু সড়ক, তার ওপর খানাখন্দে ভরা। এ অবস্থায় বাস চালানো কঠিন হয়ে পড়েছে।’ সওজের একজন কর্মকর্তা জানান, এর আগে ২০০৫-০৬ অর্থবছরে আট কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা শহরের ঠিকাদারি প্রতিষ্ঠান রানা ইন্টারন্যাশনাল ওই সড়কের মেরামত ও সংস্কারকাজ করে। পাঁচ বছরের মধ্যেই সড়কটির পিচ উঠে গর্তের সৃষ্টি হয়। ওই সময়ে কাজের মান ভালো না থাকায় সড়কটির এখন বেহাল অবস্থা।সওজ কুমিল্লার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত নির্বাহী প্রকৌশলী) রবিউল আলম বলেন, ‘কাগজপত্র না দেখে এ বিষয়ে কিছু বলতে পারছি না।’