বরুড়ায় কালবৈশাখীতে গ্রাম তছনছ
কালবৈশাখীতে কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। গত বুধবার সন্ধ্যায় এ কালবৈশাখীর ছোবলে গ্রামের ৬৬টি পরিবারের ১৪২টি ঘরের ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে পড়েছে। নারী, শিশুসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ অবস্থায় গ্রামের পাঁচ শতাধিক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। গ্রামটির বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় মাগরিবের নামাজের সময় কালবৈশাখী আঘাত হানে। মুহূর্তে পুরো গ্রাম তছনছ হয়ে যায়। গ্রামের ৬৬টি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারও ঘরের চালা উড়ে যায়। কারও দালান ধসে পড়ে। এ অবস্থায় লোকজন ঘর থেকে বেরিয়ে এলে আট শিশুসহ ১০ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত মানুষের বেশির ভাগই কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। কেউ কেউ আবার পলিথিনের ছাউনি দিয়ে তার নিচে কোনোমতে মাথা গুঁজেছেন। এদিকে সকাল ১০টার দিকে উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কবির উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।