বরুড়ায় গুলি উদ্ধার তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়ায় ১৭ দিনে ১০ হাজারেরও বেশি গুলি উদ্ধারের ঘটনায় বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার শফিকুল ইসলাম গত সোমবার এই কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ আব্বাস, জাকির হোসেন ও মাহাবুব আলম। তদন্ত কমিটির প্রধান ওসি রতন কৃষ্ণ নাথ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আমরা তদন্তকাজ শুরু করেছি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বর্তমান সরকার মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু করায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কেউ এগুলো আনতে পারে, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা গুলিগুলো পাচারের উদ্দেশে বরুড়ার এ এলাকাকে নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার করতে পারে এবং যেহেতু গুলিগুলো তাজা অবস্থায় পাওয়া গেছে, তাই এগুলো কোনো জঙ্গি সংগঠনেরও হতে পারে।’