বরুড়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে রোজিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে৷
গত মঙ্গলবার রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আবদুল মালেক বাদী হয়ে বরুড়া থানায় রোজিনার স্বামী ফয়েজ ও তাঁর দ্বিতীয় স্ত্রীসহ চারজনের নামে একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছয় বছর আগে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ গ্রামের রোজিনা আক্তারের সঙ্গে বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামের মো. ফয়েজ উদ্দিন খানের (২৯) বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে নানা বিষয়ে মনোমালিন্য হতো৷
গত মঙ্গলবার রাতে ফয়েজ ও তাঁর বাড়ির লোকজনের সঙ্গে রোজিনার ঝগড়া হয়৷
এরপর তাঁরা রোজিনাকে লাঠি দিয়ে পিটিয়ে ও পরে শ্বাসরোধে হত্যা করেন।
এ ঘটনার পর ফয়েজ তাঁর দ্বিতীয় স্ত্রীসহ অন্য আসামিরা গা ঢাকা দিয়েছেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রোজিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।