বরুড়ায় গৃহবধূকে জবাই করে হত্যা স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলায় মিনুয়ারা বেগম (২৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। যৌতুকের দাবিতে মিনুয়ারার স্বামী ফরিদ মিয়া গতকাল সোমবার সকালে তাঁকে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকে ফরিদ পলাতক রয়েছেন।নিহত মিনুয়ারা বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী ফরিদ মিয়া পেশায় রিকশাচালক। পুলিশ ও প্রতিবেশীরা জানান, বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মিনুয়ারা বেগমের সঙ্গে একই উপজেলার গালিমপুর ইউনিয়নের ধনীশ্বর গ্রামের ফরিদ মিয়ার ২০০২ সালে বিয়ে হয়। বিয়ের সময় কনেপক্ষ ফরিদকে যৌতুক হিসেবে দুই লাখ টাকা দেয়। এ ছাড়া একটি বসতঘর নির্মাণ করে দেয়। এর পরও ফরিদ মিয়া বিদেশে যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে টাকা আনতে স্ত্রী মিনুয়ারাকে বেশ কিছুদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে ঝগড়া হয়। গতকাল সকাল নয়টার দিকে ফরিদ মিয়া নিজ ঘরের ভেতরে মিনুয়ারাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করেন। একপর্যায়ে মিনুয়ারা ঘরের দরজা দিয়ে উঠানে গিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়। মিনুয়ারার মৃত্যু নিশ্চিত হওয়ার পর ফরিদ মিয়া বাড়ি থেকে পালিয়ে যান। ফরিদের বাড়ির লোকজনও গাঢাকা দিয়েছে।প্রতিবেশী আলী আকবর জানান, যৌতুকের দাবিতে ফরিদ ও মিনুয়ারার মধ্যে ঝগড়া লেগেই থাকত। গতকাল সকালে এর জের ধরেই মিনুয়ারাকে হত্যা করা হয়েছে বলে তাঁর ধারণা। ঘটনার পর তিনি ওই বাড়িতে গিয়ে মিনুয়ারাকে মৃত পড়ে থাকতে দেখেন। ফরিদ ও তাঁর আত্মীয়স্বজন সবাই গাঢাকা দেওয়ায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।