বরুড়ায় ছাত্রদল নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি মো. মামুনুর রশিদ (২৪) গত বৃহস্পতিবার রাতে খুন হয়েছেন। তাঁকে ছাত্রলীগের এক কর্মী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামুনুর রশিদ ওই ইউনিয়নের পূর্ব পদুয়া গ্রামের সেকান্দর আলীর ছেলে। এ ঘটনায় সাতজনের নামে থানায় মামলা হয়েছে। নিহত মামুনুরের ভগ্নিপতি আনোয়ার হোসেন গতকাল সকালে ওই মামলা করেন। এলাকাবাসীর কয়েকজনের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বাতাইছড়ি পুরানবাজারে মামুনুরকে ছুরি দিয়ে আঘাত করেন ছাত্রলীগের কর্মী বাবলু হোসেন। গুরুতর অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনুরকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার বাদ জুমা মামুনুরের জানাজা হয়। জানাজার পর উত্তেজিত এলাকাবাসী শিকারপুর গ্রামে গিয়ে বাবলুর বাড়িঘর ভাঙচুর করেন।বরুড়া উপজেলা ছাত্রদলের সমন্বয়ক আবু নাসের ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বকতেয়ার বলেন, এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। টাকা লেনদেন নিয়ে ওই ঘটনা ঘটতে পারে।