বরুড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সততা, নিষ্ঠা এবং অধ্যবসায় থাকলে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারে। এবারের প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষায় সেই সাফল্য দেখিয়েছেন বরুড়ার জিপিএ-৫ পাওয়া ১২৮ জন কৃতী শিক্ষার্থী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের সংবর্ধনা দেয় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন। এ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা হয়।ফাউন্ডেশনের সভাপতি জাকারিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাদবা তলাগ্রাম তরণী চরণ লাহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আইনজীবী খায়রুল এনাম তৌফিক, শিক্ষানুরাগী আলী আজ্জম, আবদুল খালেক চৌধুরী, আবদুল আজিজ, কবির হোসেন পাটোয়ারী ও শাহ আলম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে জাকারিয়া তাহের বলেন, ‘আমার বাবা লজিং থেকে মানুষের বাচ্চাদের পড়াতেন, নিজে পড়তেন। এরপর সততার সঙ্গে ব্যবসা ও রাজনীতি করে সমাজের জন্য কাজ করেছেন। বরুড়ার অগণিত শিক্ষিত মেধাবী বেকার সন্তানদের চাকরি দিয়েছেন। বাবার আদর্শকে লালন করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ফাউন্ডেশন ওই উদ্যোগ নিয়েছে। ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বঞ্চিত ও উপেক্ষিত মানুষের জন্য কাজ করা হবে। ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও রাজনীতিবিদ এ কে এম আবু তাহের মারা যান। তাঁর নামেই ওই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।