বরুড়ায় নারী শিক্ষককে পেটালেন সহকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর শাকপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সম্প্রতি জাতীয়করণ হয়) এক নারী সহকারী শিক্ষককে পিটিয়ে আহত করেছেন একই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক মো. শহীদউল্লাহ ভূঁইয়া। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষকনেতারা। অভিযোগ উঠেছে, মো. শহীদউল্লাহ ভূঁইয়া আওয়ামী লীগের কর্মী হওয়ায় তাঁকে রক্ষা করার জন্য একটি মহল তৎপর রয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘গতকাল বেলা ১১টা বেজে গেলেও সহকারী শিক্ষক মো. শহীদউল্লাহ ভূঁইয়া বিদ্যালয়ে আসেননি। তখন আমি ওই নারী সহকারী শিক্ষককে অনুরোধ করি শহীদউল্লাহকে ফোন করার জন্য। তিনি ফোন দিলে তাঁকে গালাগাল করেন শহীদউল্লাহ। ওই ঘটনায় তিনি আমার কাছে বিচার দাবি করেন। এরপর দুপুর ১২টার দিকে শহীদউল্লাহ বিদ্যালয়ে আসেন। আমার কক্ষে এসেই শহীদউল্লাহ বেত ও নির্দেশিকা লাঠি দিয়ে নারী শিক্ষককে পেটাতে শুরু করেন। এতে তাঁর হাত ও পিঠে জখম হয়। পরে আমি তাঁকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ খবর পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছানিয়া আক্তার হাসপাতালে শিক্ষিকাকে দেখতে আসেন। শিক্ষকনেতারাও হাসপাতালে ছুটে আসেন। জানতে চাইলে ইউএনও ছানিয়া আক্তার গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নারী সহকর্মীর ওপর পুরুষ সহকর্মীর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। ইতিমধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী শিক্ষক বলেন, ‘আমার অপরাধ, আমি কেন প্রধান শিক্ষকের কথায় ওনাকে বিদ্যালয়ে আসতে বলেছি। ওই কারণে তিনি আমাকে পেটালেন। আমি এর বিচার চাই।’ অভিযোগের ব্যাপারে মো. শহীদউল্লাহ ভূঁইয়া বলেন, ‘আমার সঙ্গে তাঁর (নারী শিক্ষক) কথা-কাটাকাটি হয়েছে। এর একপর্যায়ে তিনি সামান্য আহত হন। সাক্ষীপ্রমাণে সেটা আসবে না।’বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯৮৬ সালে উত্তর শাকপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক রয়েছেন।