বরুড়ায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলের ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতাকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় কুমিল্লার বরুড়া উপজেলার মুগগাঁও গ্রামের বাসিন্দা মনু মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। জেলা ও দায়রা জজ এ আর মাসউদ গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর আদালতে ওই রায় দেন। কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. মজিবুর রহমান জানান, ২০০৯ সালের ১৮ মার্চ বিকেল পাঁচটায় বরুড়া উপজেলার মুগগাঁও গ্রামের বাসিন্দা আলী আহম্মদকে তাঁর ছেলে মনু মিয়া দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় আলী আহম্মদের আরেক ছেলে আনোয়ারুল হক বাদী হয়ে মনু মিয়ার নামে বরুড়া থানায় ওই দিনই হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে মনু মিয়া পলাতক রয়েছেন। মনু মিয়াকে বাদ দিয়ে আলী আহম্মদ তাঁর অন্য ছেলেদের নামে ৩০ শতক জায়গা রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগে তাঁকে হত্যা করা হয়।গতকাল বৃহস্পতিবার আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ইউসুফ আলী এবং রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. মজিবুর রহমান।