কুমিল্লার বরুড়া উপজেলায় বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল শনিবার মুগুজী গ্রামের ধানখেতের মাটি খুঁড়ে ওই শিশুর লাশ উদ্ধার করেছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া সীমান্তের কাছ থেকে গতকাল এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বরুড়ায় উদ্ধার হওয়া লাশ ইব্রাহিম খলিল ওরফে ইবুর (৫)। সে বরুড়ার খোসবাঁশ দক্ষিণ ইউনিয়নের মুগুজী গ্রামের সোহেলের ছেলে। এ ঘটনায় বরুড়া থানায় শিশুটির মা আকলিমা আক্তার বাদী হয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, সোহেল এক মাস আগে তাঁর স্ত্রী আকলিমা আক্তারকে পিটিয়ে তাঁর বাবার বাড়ি পাঠিয়ে দেন। এরপর ছেলে ইব্রাহিমকে নিয়েই বাড়িতে থাকতেন তিনি। গত শুক্রবার রাতে ইব্রাহিমকে হঠাৎ মারধর করেন সোহেল। এরপর থেকে ইব্রাহিমকে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ খোসবাঁশ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে সঙ্গে নিয়ে মুগুজী গ্রামে তল্লাশি চালায়। একপর্যায়ে সোহেলদের বাড়ির ১ কিলোমিটার দূরে ধানখেতের মধ্যে কিছু ধানগাছ অগোছালো ও মরা অবস্থায় দেখা যায়। এরপর পুলিশ ওই স্থানের মাটি খুঁড়ে এক হাত নিচ থেকে চাদর মোড়ানো অবস্থায় ইব্রাহিমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহেলের ভাই জয়নাল আবেদীনকে (৩০) গ্রেপ্তার করা হয়।
খবর পেয়ে উপজেলার দেওড়া গ্রাম থেকে এসে ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন আকলিমা আক্তার। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আকলিমা আক্তার বাদী হয়ে স্বামী সোহেলকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ সোহেলকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।
বড়লেখা থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের পাথারিয়া সীমান্তের মোকামহান্ডর এলাকায় রেমা (ঝাড়ু তৈরির ফুল) কাটতে গিয়ে স্থানীয় এক তরুণ একটি লাশ দেখতে পান। ওই তরুণ পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে বিষয়টি জানান। ওই ইউপি সদস্য গতকাল শনিবার বড়লেখা থানার পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাটাতারের বেড়া থেকে বাংলাদেশ অংশের প্রায় ৩০০ ফুট ভেতরে পড়ে ছিল। লাশের পাশে একটি বাঁশ ও কোনো কিছু বহন করার বেত পাওয়া গেছে। লাশটি অর্ধগলিত ছিল। এ কারণে লাশটি পুরুষ নাকি নারীর কিংবা বয়স সম্পর্কে কিছুই অনুমান করা সম্ভব হচ্ছে না। সীমান্তের ওপারে ভারতীয় অংশে জনবসতি রয়েছে। বাংলাদেশের দিকে কাছাকাছি কোনো জনবসতি নেই। বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) দেব দুলাল ধর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।