বরুড়ায় ভাতিজার হাতে চাচা খুন
পারিবারিক কলহের জের ধরে কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর গ্রামে ভাতিজার হাতে চাচা দুলাল হোসেন (২৭) খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই শাহজাহান মিয়া (২৯) গুরুতর আহত হন। এ ব্যাপারে ছয়জনের নামে বরুড়া থানায় হত্যা মামলা হয়েছে। এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, শাকপুর গ্রামের দুলাল হোসেনের বাড়ির পোষা হাঁস-মুরগি নিয়ে আবদুস ছোবহানের সঙ্গে দীর্ঘদিন যাবৎ ঝগড়া-বিবাদ চলে আসছে। গতকাল সকাল নয়টায় চাপকলের পানি নিয়ে আবদুস ছোবহানের ছেলে আজম মিয়া (২০) ও মো. সোহাগের সঙ্গে (১৮) তাঁদের দুই চাচা দুলাল হোসেন ও শাহজাহান মিয়ার তর্ক হয়। একপর্যায় তাঁরা ছুরি দিয়ে দুলালের পেটে এবং শাহজাহানের পিঠে ও হাতে আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় দুই ভাইকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে দুলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।