বরুড়ায় মন্দির ও শ্মশানের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার চালিয়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের একটি মন্দির ও শ্মশানের প্রায় চার শতাংশ জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার দেওড়া গ্রামের আবুল কাশেম ওই জমি দখল করেছেন বলে অভিযোগ করেছেন ওই মন্দিরের সাধারণ সম্পাদক কাজল চন্দ্র শীল।কাজল চন্দ্র শীল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেনের কাছে গত বুধবার এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, চালিয়া গ্রামের জমিদার জীবন মজুমদার বাংলা ১৩২০ সনে সালিয়া মৌজার ৩৫১ ও ৩৫৫ নম্বর দাগে ওই মন্দিরটি স্থাপন করেন। এ জমিতেই একটি শ্মশানও আছে। মন্দিরের পাশের এক খণ্ড জমির ক্রয়সূত্রে মালিক পৌর এলাকার দেওড়া গ্রামের মো. আবুল কাশেম। গত ২৩ জুন কাশেমের নির্দেশে তাঁর ভাগিনা হাবিব, কেফায়েত, রশিদ ও ছেলে বাহারসহ ৮-১০ জন মন্দির ও শ্মশানের প্রায় অর্ধেক জমি দখল করে নেন। আবুল কাশেমের ভাগিনা আযাদ মিয়া বলেন, ‘আমরা আমাদের ক্রয়কৃত জমির বাইরে কারও জমি দখল করিনি। হিন্দুরা মন্দিরের জমি বলে যে অংশ দাবি করছে তা খাস।’ খোশবাস (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকের মাধ্যমে কাশেমের ভাগিনাদের ওই জমির দখল ছেড়ে দিতে বলা হয়েছে।’বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, ‘উভয় পক্ষের কাগজপত্র দেখার পর বিষয়টি নিয়ে কথা বলা যাবে।’