বরুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামাল হোসেনকে (৩০) যুবলীগ ক্যাডাররা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবদল নেতার চিকিৎসা চলছে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে। শুক্রবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে ঝলম পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। বরুড়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও আহত জামাল হোসেনের বড় ভাই কামাল হোসেন বলেন, ‘শুক্রবার ইফতারের ১৫ মিনিট আগে অর্থাৎ সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের দিকে আমার ছোট ভাই জামাল হোসেন ঝলম পূর্ব বাজারের একটি দোকানে গল্প করছিল। ওই সময় যুবলীগ ক্যাডার কানাইল গ্রামের জালাল উদ্দিন, ভঙ্গুয়া গ্রামের মনির হোসেন, মেড্ডা গ্রামের শরীফ মিয়া ও মাসুদ মিয়া এবং মহিদপুর গ্রামের নিজামউদ্দিন চাপাতি, ছুরি ও রামদা নিয়ে অতর্কিত জামাল হোসেনের ওপর হামলা করে।’ অভিযোগের ব্যাপারে বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল সামাদ বলেন, ‘জামাল ও জালালের মধ্যে স্থানীয় রাজনীতি নিয়ে দীর্ঘদিন থেকেই ঝামেলা রয়েছে। হামলাকারীরা কেউ যুবলীগের কমিটিতে নেই, হয়তো সমর্থক হতে পারে। ঝলম বাজারে ঘটনাটি অতর্কিতভাবে হয়েছে বলে শুনেছি।’ এটা কোনো রাজনৈতিক হামলা নয়। এর সঙ্গে দলীয় কোনো সংশ্লিষ্টতা নেই। ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন মিয়াজী বলেন, এটা নৃশংস ঘটনা। জামালের ওপর হামলা চালিয়ে তাঁকে মৃত ভেবে পালিয়ে যায় সন্ত্রাসীরা।