বরুড়ায় রাতেই সিল, বিদ্রোহী প্রার্থী আটক
কুমিল্লার বরুড়া উপজেলার ২০টি ভোটকেন্দ্রে গতকাল শনিবার দিবাগত রাতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার লোকজন ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ঢুকিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাত সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে।
আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রায় ৮০০ ব্যালটে সিল মারা রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা ফখরুদ্দিন জানান, বেশ কিছু লোক রাত ১২টা থেকে দুইটার মধ্যে দুই দফা এসে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর আনারস প্রতীকে সিল মারে।
সকাল নয়টা ২০ মিনিটে উপজেলার বাগমারা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থীর এক হাজার ২০০ ব্যালট পেপার নেই। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী বলেন, গত রাতে তাঁকে জিম্মি করে চেয়ারম্যান প্রার্থীর এক হাজার ২০০ ব্যালট পেপার নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় কেন্দ্রের সাতটি বুথ ঘুরে দেখা গেছে, ৫ নম্বর বুথে ১৮টি ভোট পড়েছে। বাকি বুথ ও বাক্সগুলো খালি।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেক চৌধুরী বলেন, বরুড়ার পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলা থেকে বহিরাগত লোকজন এনে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারা হয়েছে। উপজেলার ৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘এ ধরনের বহু অভিযোগ এসেছে। অভিযোগগুলো খতিয়ে দেখছি।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আটক
সকাল ১০টা ৫০ মিনিটে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলামকে খুসবাস উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করেছে যৌথ বাহিনী।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওসার চৌধুরী জানান, কেন্দ্রে নাশকতা চালাতে পারে—এমন আশঙ্কায় তাঁকে আটক করা হয়েছে।