বরুড়ায় হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার বরুড়া উপজেলার বড়ভাতুয়া গ্রামের ইজ্জত আলী নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত। গতকাল রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চার ব্যক্তি হলেন বরুড়া উপজেলার বড়ভাতুয়া গ্রামের মো. মাসুম ও আলী আকবর, মোজাম্মেল হোসেন ও আমান উল্লাহ। এর মধ্যে মাসুম ও আমান উল্লাহ পলাতক রয়েছেন। এ মামলায় বেকসুর খালাস পেয়েছেন আলী আকবরের আরেক ছেলে মো. তানভীর।

কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমানের দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৮ মার্চ পূর্বশত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে কুমিল্লার লালমাই পাহাড়ের বরুড়ার বড় ধর্মপুর হাফিজাখোলা সড়কের মাথায় গলা কেটে ইজ্জত আলীকে হত্যা করা হয়। ওই দিনই ইজ্জত আলীর ভাই লিয়াকত আলী বাদী হয়ে বরুড়া থানায় অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ওই বছরের ২ নভেম্বর বরুড়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কাজী মাহবুবুর রহমান পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে মামলাটির বিচারকাজ আদালতে শুরু হয়। এতে রাষ্ট্রপক্ষে ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়। গতকাল রোববার দুপুরে বিচারক চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আরিয়া মেহের ইমাম ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ফারুক আহমেদ।