বরেণ্য ব্যক্তিদের নামে স্থাপনার নামকরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপনার নামকরণ দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিদের নামে করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল রোববার উপাচার্য ফারজানা ইসলামকে স্মারকলিপি দেওয়া হয়।
১২ জানুয়ারি ব্যবসায়ী ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার নামে কনভেনশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য। ওই সময়ই একদল শিক্ষার্থী এর বিরোধিতা করেন। এর পর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা করছেন।
এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা গতকাল বেলা সাড়ে ১১টায় উপাচার্যকে ওই স্মারকলিপি দেন। অন্য দাবিগুলোর মধ্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে কনভেনশন সেন্টারের পরিবর্তে আন্তর্জাতিক মানের কনফারেন্স সেন্টার নির্মাণ করা, ছাত্রী হল–সংলগ্ন এলাকায় কোনো অবকাঠামো নির্মাণ না করা, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণে তাঁদের সঙ্গে আলোচনা করা এবং বিশ্ববিদ্যালয়ের স্থান ও অবকাঠামো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার না করা।
জানতে চাইলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম প্রথম আলোকে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে অর্থের বিনিময়ে কোনো ব্যবসায়ীর নামে ভবনের নামকরণ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে ভবনের নামকরণ হতে হবে বরেণ্য ব্যক্তিদের নামে। ক্ষমতাসীন আওয়ামী লীগেও তাজউদ্দীন আহমদের মতো বরেণ্য নেতা ছিলেন।
এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে প্রীতিলতা ও জাহানারা ইমাম হল–সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের কয়েকটি সড়ক ও অনুষদ ভবন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে কনভেনশন সেন্টারটি নির্মাণে সবার সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি এ বিষয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের কোনো কনভেনশন সেন্টার কিংবা সেমিনার হল নেই। এমন একটি কনভেনশন সেন্টার নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের বাজেটে প্রয়োজনীয় অর্থ নেই। আপাতত এ খাতে সরকারি অর্থ পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। শিল্পপতি আবদুল কাদির মোল্লা এই কনভেনশন সেন্টার নির্মাণে অনুদান নিয়ে এগিয়ে এসেছেন।
‘আবদুল কাদির মোল্লা কনভেনশন সেন্টার’ নির্মাণের পেছনে বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নেই। এটি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হিসেবে ব্যবহৃত হবে।