বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের স্বপ্নকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ যে লোকটিকে এত শ্রদ্ধা-ভক্তি করে, সেই বরেণ্য মানুষটিকে ব্যক্তিগত আক্রোশবশত ছোট করা হচ্ছে।গতকাল শুক্রবার বিকেলে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প শ্রমজীবীধারা আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় বদরুদোজ্জা চৌধুরী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় পরিণতি শুভ হবে না। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে পরিচালনা পরিষদের ক্ষমতা খর্ব করে এবং সরকার নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিসভায় গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১২-এর খসড়ার যে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, তার প্রতিক্রিয়া জানিয়ে এ কথাগুলো বলেন বিকল্পধারার সভাপতি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মনে রাখা উচিত, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীকে ছোট করলে আমরাও ছোট হয়ে যাব।’বিকল্প শ্রমজীবীধারার সভাপতি মো. আইনুল হকের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি মাহবুব আলী, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক নাজমুল করিম প্রমুখ।