বরেন্দ্র অঞ্চলে অন্য রকম ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলে ফুটবল মানে একটু আলাদা কিছু। সাঁওতাল, কোল, ওরাঁও, মুন্ডাদের প্রায় প্রতিটি গ্রামেরই আছে ফুটবল দল। তাদের ফুটবল খেলা হয় দিনভর। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এক দিনেই ১৬ দলের আট খেলা অনুষ্ঠিত হয়।
১৬ দলের খেলা হলেও সর্বোচ্চ দুই দিনব্যাপী চলে তাদের ফুটবল প্রতিযোগিতা। যে গ্রামের পাশে ফুটবল খেলা হয়, সেখানে থাকে উৎসবের আমেজ। বিভিন্ন বাড়িতে চলে খেলোয়াড় দলের সদস্য কর্মকর্তা এবং গ্রাম থেকে আগত ব্যক্তিদের জন্য রান্না। গ্রামের লোকজন হাঁড়ি-পাতিল ও খড়ি দেয়। অনেক সময় রেঁধেও দেয়। ভিন গ্রামের দলে অনেক সময় আত্মীয়-কুটুমও থাকে। কখনো দেখা যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি। উত্তেজনাপূর্ণ মুহূর্তে, গোল দেওয়ার সময় নারীদের হাসি-হুল্লোড়, হাততালি চোখে পড়ার মতো। একরকম গ্রামীণ মেলা বসে যায় ফুটবল মাঠকে ঘিরে। বসে মিঠাই-মন্ডা ও নানান খাবারদাবারের দোকান।
গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ১৪ কিলোমিটার দূরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামের পাশের মাঠে পড়ন্ত বিকেলে চলছিল চূড়ান্ত খেলা। চারদিকে ঢেউ খেলানো বরেন্দ্রর উঁচু-নিচু টিলা, তালগাছের সারি ঘেরা মাঠে খেলার সময়ে চোখে পড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের উচ্ছ্বাস, হইহুল্লোড়।
এ খেলায় বিল বৈলঠা দল ৩-০ গোলে বাবুডাইং পশ্চিম পাড়াকে হারায়। গোল করে সুনিলাল হাসদা, লিটন মার্ডি ও নারায়ণ মুরমু। সুনিলাল বলেন, গ্রামে গিয়ে ফাইনালে জেতা রঙিন টেলিভিশনটা দেখা হবে। গভীর রাত পর্যন্ত নাচ-গান হবে।
এ ফুটবল প্রতিযোগিতার আয়োজক বাবুডাইং মিতালী সংঘের সভাপতি নগেন মুরমু। তিনি বলেন, যখন আমাদের হাতে কৃষিকাজ থাকে না, তখনই ফুটবল প্রতিযোগিতা হয়। ঘোর বর্ষাকাল ছাড়া বছরের প্রায় সব সময় ফুটবল প্রতিযোগিতা থাকে। বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকে বড় বড় গরু, খাসি। তবে ইদানীং টেলিভিশন পুরস্কারই বেশি। চূড়ান্ত খেলার আগে পুরস্কারের সামগ্রী নিয়ে মাঠ প্রদক্ষিণ করা হয়। গ্রামের দলের জন্য প্রায়ই প্রতিটি বাড়ি থেকে ওঠানো হয় চাঁদা। কেউ টাকা দিতে না পারলে দেয় ধান-চাল বা অন্য শস্য।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও সাবেক ফুটবলার শফিকুল আলম বলেন, এখানকার মানুষের ফুটবলপ্রীতি সত্যি অন্য রকম। এদের জন্য ভালো মাঠ নেই, তাতে কী। লম্বা ধানখেতেও এরা ফুটবল খেলে। সাধারণত আমন ধান কেটে নেওয়ার পর তাদের ফুটবল প্রতিযোগিতাগুলো বেশি দেখা যায়।