বরেন্দ্র অঞ্চলে কৃষকের আশাজাগানিয়া বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর নলকূপ থেকে জমিতে সেচ দেওয়ার জন্য কার্ডে টাকা ভরেছিলাম। এবার কার্ডের সেই টাকা খরচ করতে হয়নি। এ খরচ বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। আউশ মৌসুমের শুরুতে আগের বছরগুলোর তুলনায় ভালো বৃষ্টি পেয়ে এভাবেই তাঁর খুশির কথা জানালেন, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কানাইডাঙ্গা গ্রামের কৃষক ও স্কুলশিক্ষক আবদুল বারী। গত কয়েক বছর আউশ মৌসুমের শুরুতে তেমন বৃষ্টি হয়নি। এবার শুরুতেই গত দুই বছরের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২০০৯ সালের এপ্রিল মাসে কোনো বৃষ্টিই হয়নি। গত বছর হয়েছিল ৩৭ দশমিক দুই মিলিমিটার। আর এবার হয়েছে ৯৩ দশমিক চার মিলিমিটার। ২০০৯ সালের মে মাসে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৩০ মিলিমিটার। গত বছর ছিল ৭৬ মিলিমিটার। এবার হয়েছে ১৮৭ দশমিক চার মিলিমিটার। এখন জুন মাস চলছে, ইতিমধ্যে ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কৃষকেরা বলছেন, আউশ ধান রোপণের জন্য এবারের বৃষ্টিপাত পর্যাপ্ত। গত কয়েক বছর তাঁদের এ সময় গভীর নলকূপ থেকে সেচ দিয়ে ধান রোপণ করতে হয়েছে। ধান রোপণের সময় প্রতি বিঘা জমিতে আড়াই থেকে ৩০০ টাকার সেচ দিতে হয়েছে। এবার বৃষ্টির কারণে ওই খরচ লাগছে না। গত রোববার গোদাগাড়ি উপজেলার কানাইডাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাঠে কাজ করছেন। উপজেলার মাদারপুর মহল্লার কৃষক নাজমুল হক বলেন, ‘আমরা বর্ষাবরণ করছি ভাই। গত কয়েক বছর আউশ ধান রোপণের জন্য জমি তৈরি করতে তাঁদের বিঘা প্রতি ৩০০ টাকার সেচ দিতে হয়েছে। এবার তা লাগছে না। শেষ পর্যন্ত এ রকম বৃষ্টি পেলে ধান নিয়ে তাঁদের আর ভাবতে হবে না।’গত সোমবার মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে গিয়ে কৃষকদের মাঠের ব্যস্ততা দেখা যায়। কৃষক ইসমাইল হোসেন বলেন, তিনি প্রথমে সেচ দিয়ে তিন বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। এখন তাঁর আরও আট বিঘা জমিতে ধান রোপণের প্রস্তুতি চলছে। এই জমি তৈরি করতে তাঁকে আর সেচ দিতে হচ্ছে না। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে রোপণের সময় তাঁদের আর সেচ দিতে হবে না। গত কয়েক বছর বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে বরেন্দ্র অঞ্চলে মাত্রাতিরিক্ত পরিমাণে সেচকাজে ব্যবহূত ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়েছে। এতে পানির স্তর যে পরিমাণ নিচে নেমে যায়, তা আর পুনর্ভরণ (রিচার্জ) হয়নি। এবার বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে পুনর্ভরণের পরিমাণ বেড়ে গেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প কর্মকর্তা সুলতান মাহমুদ সরকার বলেন, ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণের জন্য বৃষ্টির পানি অমৃতের মতো কাজ করে। এবার বেশি বৃষ্টি হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তরও দ্রুত উঠে আসছে। তিনি বলেন, রাজশাহীর পবা উপজেলায় পানির স্তর ৫০ থেকে ৬০ ফুট নিচে ছিল। বৃষ্টির পরে তা ৩৫ থেকে ৪০ ফুটের মধ্যে উঠে এসেছে। তিনি বলেন, বাগমারা উপজেলায় পানির স্তর ৭০ ফুট নিচে থেকে এখন ৫৫ ফুটের মধ্যে চলে এসেছে। এটা খুবই আশার কথা। এ ছাড়া এবার পুনর্ভরণের পাশাপাশি বরেন্দ্র এলাকার পুকুর, খাল সব ভরে গেছে। এই পানি কৃষিকাজে ব্যবহূত হচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরুল আমিন বলেন, এবার ভালো বৃষ্টি হয়েছে। কৃষক এখন পর্যন্ত বৃষ্টির পানিতেই আউশ খেতে সেচ দিতে পারছে। এবার তাঁরা ৪০ হাজার ১৭০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।