বরেন্দ্র অঞ্চলের আদিবাসী গ্রামগুলোতে ভিন্ন ‘উৎসব’
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরেন্দ্র অঞ্চলের প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলোতে এখন চলছে ভিন্ন ধরনের ‘উৎসব’। এ উৎসবের আসর বসে রাতে। কেবল পুরুষেরা এ উৎসবে অংশ নেন। বড় গ্রাম হলে কয়েক ভাগে ভাগ হয়ে বসে আসর। তবে এ উৎসবে থাকে না মাদল-বাঁশি, থাকে না নাচ-গান। তবে তাড়ি-চুয়ানি পান আর হাঁস-মুরগির মাংস দিয়ে ভূরিভোজে জমে ওঠে এ উৎসবের আসর। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের আদিবাসী গ্রামগুলোতে এখন প্রায় প্রতি রাতেই চলছে তাড়ি-চুয়ানির আসর আর ভূরিভোজ। অভিযোগ আছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এসব আসর জমাতে তাড়ি-চুয়ানি ও হাঁস-মুরগির টাকার জোগান দিচ্ছেন ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আসরে তাড়ি-চুয়ানি সরবরাহের মাত্রা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের আদিবাসী গ্রাম বাবু ডাইং। গ্রামের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তাঁদের গ্রাম থেকে অল্প দূরেই বসেছে চুয়ানি তৈরির অস্থায়ী কারখানা। এ কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে দেড় থেকে দুই মণ চুয়ানি। এসব চুয়ানি সরবরাহ হচ্ছে বিভিন্ন আদিবাসী গ্রামে। এ ছাড়া নির্বাচন উপলক্ষে চাহিদা বাড়ায় তাড়ির (তালের রস) দামও বেড়েছে। আগে প্রতি লিটার তাড়ি বিক্রি হতো ২০ টাকায়। এখন তা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এর পরও চাহিদামতো তাড়ি মিলছে না। প্রার্থীদের একশ্রেণীর কর্মীরাই দিগুণ দামে তাড়ি কিনে নিচ্ছেন।বাবু ডাইং গ্রামের এক গৃহবধূ বলেন, ‘আদিবাসীদের দোষ দিয়া আর কী হোইবে? গাটঠার ব্যাটারা (প্রার্থীরা) নির্বাচনের আগে ছাড়া তো আর আদিবাসীদের গ্রামে পা বাড়ায় না। তাঁদের বিপদে-আপদে ফিরেও তাকায় না। তো নির্বাচনের আগে তাঁদের টাকায় একটু ফুর্তি করবে না তো কী করবে?’রাজশাহীর তানোর উপজেলার আদিবাসী দুরবিন কিসকু বলেন, এসবে আদিবাসীদের চরিত্র নষ্ট করেছে প্রার্থীরাই। বেশির ভাগ ক্ষেত্রেই ভোট দেওয়ার প্রতিশ্রুতিতে আদিবাসীরা নগদ টাকা নেন না। অনেকটা জোর করেই আদিবাসীদের তাড়ি-চুয়ানি খাওয়ানো হয়। কোনো প্রার্থীর তাড়ি-চুয়ানি প্রত্যাখ্যান করে তাঁর বিরাগভাজন হতে চান না আদিবাসীরা।এ প্রসঙ্গে কথা হয় চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিংগু মুর্মু, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী বিচিত্রা তিরকি, সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী মনোরঞ্জন টুডু, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী কর্নেলিউশ মুর্মু, নওগাঁর নেয়ামতপুর উপজেলার রসুলপুর ইউপির মহিলা সদস্য প্রার্থী বাসন্তী টপপো। তাঁরা জানান, অনেক প্রার্থী ভোটারদের প্রভাবিত করতে আদিবাসী গ্রামগুলোতে দেদার তাড়ি-চুয়ানি সরবরাহ করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা সরকার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, এসব বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে খতিয়ে দেখা হয়। তা ছাড়া এসব আদিবাসী গ্রামগুলো প্রত্যন্ত এলাকায়। সেখানে নজরদারির জন্য জনবলেরও অভাব আছে।