বরেন্দ্র এলাকায় মুগ ডাল চাষে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন চাষের আগে উঁচু বরেন্দ্র এলাকার লক্ষাধিক বিঘা জমি প্রায় দুই মাস পড়ে থাকে। খরায় মাটি পুড়ে যায়। পানির অভাবে অন্য কোনো ফসল আবাদ করা যায় না। পরীক্ষামূলকভাবে এ বছর এ এলাকার এক হাজার ২০০ বিঘা জমিতে মুগ ডাল চাষ করা হয়৷ বারি মুগ-৬ নামের ডাল চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন কৃষকেরা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) মুখলেছুর রহমান জানান, কৃষকদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, ফসলের বৈচিত্র্য ও জমির উর্বরতা বাড়াতে বারির সরেজমিন গবেষণা বিভাগ, বরেন্দ্র কেন্দ্র ও কৃষি গবেষণা ফাউন্ডেশন মুগ ডাল চাষে কাজ করছে। কৃষি গবেষণা ফাউন্ডেশন এ ডাল চাষের জন্য একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে। এর নাম ‘খরা ব্যবস্থাপনার মাধ্যমে উঁচু বরেন্দ্র অঞ্চলে শস্য নিবিড়করণ পাইলট প্রকল্প।’
সাধারণত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার উঁচু বরেন্দ্র এলাকায় রবিশস্য—গম, সরিষা, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন ইত্যাদি ঘরে তোলার পর লক্ষাধিক বিঘা জমি পতিত থাকে। এ জমিতে মুগ ডাল চাষের জন্য জ্ঞান ও দক্ষতা বাড়াতে ওই এলাকার প্রায় এক হাজার ২০০ জন কিষান-কিষািনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চব্বিশ নগর ও কদম শহর এলাকায় ৫৪ জন কৃষক এবার ২৫০ বিঘা জমিতে এ মুগ ডাল চাষ করেছেন। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বরেন্দ্রর উঁচু-নিচু বিস্তীর্ণ মাঠে মুগ ডাল যেন সবুজের ঢেউ তুলেছে। আদিবাসী কিষান-কিষানি সারি ধরে ডাল ওঠাতে ব্যস্ত।
কদমশহর গ্রামের কৃষক মোহাম্মদ কাসু ১০ বিঘা জমিতে এ ডাল চাষ করেছেন। তিনি বলেন, এ ফসলটা তিনি বাড়তি পেলেন। এ সময় জমিটা পড়েই থাকত। মুগ ডাল চাষের ক্ষেত্রে একবার সেচ দিতে হয়েছে। সার দিতে হয়নি। একবার শুধু কীটনাশক ছিটাতে হয়েছে। সব মিলিয়ে এক বিঘা জমিতে তাঁর সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ হয়েছে। হিসাব করে দেখেছেন, বিঘাপ্রতি পাঁচ-ছয় মণ ফলন হচ্ছে। বিঘাপ্রতি তাঁর সাত থেকে নয় হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে।
কদমশহর গ্রামের সখিনা রানী (৩৫) মাঠে মুগ ডাল তোলার কাজ করছেন। বললেন, এ সময় তাঁদের হাতে কাজ থাকত না। এবার তিনি প্রতিদিন ২০ কেজি করে ডাল তুলছেন। প্রতি কেজির জন্য পারিশ্রমিক পাচ্ছেন আট টাকা।
প্রকল্পের সাইট সমন্বয়কারী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সাবেক অতিরিক্ত পরিচালক রবীন্দ্র কুমার মজুমদার বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌসুমি পতিত জমির কৃষক ও কৃষির সঙ্গে জড়িত শ্রমিকদের অনেকেই এ প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছেন। মুগ চাষ করায় বিঘাপ্রতি প্রায় দুই টন ‘বায়োমাস’ জমিতে যোগ হবে। এতে মাটির জৈবিক গুণাবলির পরিবর্তন হবে। বায়োমাস মাটিতে মিশে গেলে আমনে চার-পাঁচ কেজি ইউরিয়া সার সাশ্রয় হবে। অপরদিকে, এ দুই মাসে সূর্যের প্রখর তাপ সরাসরি মাটিতে পড়ে। এতে মাটির গুণাগুণ নষ্ট হয়। মুগ ডাল চাষে সবুজ পাতায় মাটি ঢাকা থাকছে। এতে করে মাটির স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে।