বরেন্দ্র কর্তৃপক্ষের গভীর নলকূপে সন্ত্রাসীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপে সন্ত্রাসীরা তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে ওই গভীর নলকূপের আওতায় প্রায় ৩০০ বিঘা জমির বোরোর চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।স্থানীয় কৃষক সূত্রে জানা গেছে, লক্ষ্মীকোলা গ্রামের তেলিপাড়ার ওই গভীর নলকূপের আওতাধীন এলাকার কৃষকেরা সার্বিক প্রস্তুতি নিয়েও সেচের অভাবে এখন অলস সময় কাটাচ্ছেন। এলাকার কৃষক আবু সাঈদ (২৬), সাহাদত হোসেন (৪৫), উজ্জ্বল হোসেন (৩৬) ও রাসেল আহম্মেদ জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন বরেন্দ্র কর্তৃপক্ষের গভীর নলকূপে প্রায় ১৫ দিন আগে তালা ঝুলিয়ে দেয়। এ কারণে সেচের অভাবে জমিতে হালচাষসহ রোপণ কাজ করা সম্ভব হচ্ছে না। বীজতলাসহ ধান রোপণের সব প্রস্তুতি সত্ত্বেও আমরা নিরুপায় হয়ে বসে আছি। আগামী দু-এক দিনের মধ্যে এ সমস্যার সমাধান না হলে এবার জমি অনাবাদি থেকে যাবে।বরেন্দ্র কর্তৃপক্ষের নিয়োগ করা অপারেটর আবু ফারুক (৫০) বলেন, ‘এলাকার সন্ত্রাসী মিজানুর রহমানের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল আমাকে এই প্রকল্প থেকে উচ্ছেদ করার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে আসছিল। এরই জের ধরে গত ১০ জুন গভীর নলকূপের ঘরে আমাকে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালিয়ে আমার পা ভেঙে দেয়। তাদের হুমকি-ধমকির ভয়ে আমি স্কিম (প্রকল্প) চালু করতে পারছি না।’মিজানুর রহমান বলেন, ‘গভীর নলকূপে আমাদের পক্ষ থেকে কোনো তালা ঝোলানো হয়নি। গভীর নলকূপের দুটি চাবির মধ্যে একটি অপারেটরের কাছে এবং অপরটি আমার কাছে রয়েছে।’বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রানীনগর জোনের সহকারী প্রকৌশলী মো. তিতুমীর রহমান বলেন, ‘আমি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি সমাধান করে নলকূপ চালু করা সম্ভব হবে বলে আশা করছি।’