রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘরের জাতিতাত্ত্বিক গ্যালারি নির্মিত হয়েছে ১০ বছর আগে। সংগ্রহ করা হয়েছে প্রয়োজনীয় উপকরণ। কিন্তু আর্থিক সংকট ও প্রদর্শন কর্মকর্তার অভাবে এটি চালু করা সম্ভব হয়নি।
এদিকে অন্য গ্যালারির মেরামতকাজের কারণে সেখান থেকে সরানো ভাস্কর্যের গুদাম হিসেবে এটি এখন ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন পরেও এই গ্যালারি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া সম্ভব হয়নি।
জাদুঘর থেকে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল, ওঁরাও, মুন্ডা ও রাজবংশী আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও গবেষণার কাজে ব্যবহারের জন্য প্রায় পাঁচ বছর আগে জাদুঘর কর্তৃপক্ষ মূল ভবনের দক্ষিণ পাশে একটি দ্বিতল ভবন নির্মাণ করে। কথা ছিল, এখানে জাতিতাত্ত্বিক গ্যালারির পাশাপাশি মুদ্রাতাত্ত্বিক একটি গ্যালারি করা হবে। প্রথমত, জাতিতাত্ত্বিক গ্যালারি করার জন্য ওই আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্রসহ বিভিন্ন ধরনের অনেক উপকরণ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। এখন এগুলো চারটি আদিবাসী গোষ্ঠীর জীবনযাপনের সঙ্গে সমন্বয় করে প্রদর্শনীর জন্য প্রতিস্থাপন করতে হবে। এ কাজের জন্য সে ধরনের একজন রিসোর্স পারসন প্রয়োজন। জানা গেছে, প্রায় ছয় বছর আগেই এ ধরনের একজন কর্মকর্তা (ঊর্ধ্বতন প্রদর্শন কর্মকর্তা) অবসর নিয়েছেন। তাঁর স্থলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন কোনো লোককে নিয়োগ দেয়নি।
গত শুক্রবার সকালে সরেজমিন জাদুঘরে গিয়ে দেখা যায়, যে ভবনটিকে জাতিতাত্ত্বিক গ্যালারি করার কথা ছিল, সেটি তালাবদ্ধ রয়েছে। এটিকে এখন গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
পরিচালকের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। উপপরিচালক মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিচালকের উপস্থিতিতে আসতে বলেন।
ঐতিহ্য রক্ষা, গবেষণা ও প্রকাশনাবিষয়ক সংগঠন বরেন্দ্র পরিষদের আহ্বায়ক রবীন্দ্র গবেষক হাসান রাজা বলেন, যেহেতু এটি বাংলাদেশের প্রথম গবেষণা জাদুঘর, সে জন্য বিশ্বসভ্যতার ইতিহাসে এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের জাতিতাত্ত্বিক গবেষণার সহায়ক ভূমিকা রাখার পরিপ্রেক্ষিতে নির্মিত গ্যালারিটি অতিসত্বর প্রয়োজনীয় সব উপরণসমৃদ্ধ করে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা দরকার। এ জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ নিয়োগ করার কোনো বিকল্প নেই।
উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, জাতিতাত্ত্বিক ও মুদ্রাতাত্ত্বিক গ্যালারির জন্য অর্থের প্রয়োজন। এই মুহূর্তে তার সরবরাহ নেই। তা ছাড়া একজন প্রদর্শন কর্মকর্তা নিয়োগ না দেওয়ার কারণে এ কাজ কেউ করতে পারছেন না।
মুদ্রাতাত্ত্বিক গ্যালারির ব্যাপারে তিনি বলেন, আসল মুদ্রা গ্যালারিতে রাখলে চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ জন্য আসল মুদ্রার রেপলিকা তৈরি করতে হয়। রাজশাহীতে তা করার কোনো ব্যবস্থা নেই। আবার ঢাকায় পাঠনোও ঝুঁকিপূর্ণ। এ কারণে মুদ্রাতাত্ত্বিক গ্যালারিও চালু করা সম্ভব হচ্ছে না।