বরেন্দ্র জাদুঘরের প্রত্ন সম্পদ প্রতিস্থাপনের দাবিতে মানববন্ধন
প্রায় দুই বছর আগে ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনের নামে রাজশাহীর বরেন্দ্র জাদুঘরের ২৪টি অমূল্য প্রত্নসম্পদ বিমান বন্দর থেকে ফেরত নিয়ে আসার পরে সেগুলো সব আর যথাস্থানে প্রতিস্থাপন না করে অযত্নে ফেলে রাখার প্রতিবাদে গতকাল বুধবার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় প্রত্নসম্পদ রক্ষা পরিষদ. ঢাকা ও ঐতিহ্য রক্ষা গবেষণা ও প্রকাশনাবিষয়ক সংগঠন ‘বরেন্দ্র পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বরেন্দ্র জাদুঘরের সামনে মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সুধীসমাজ ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে জাতীয় প্রত্নসম্পদ রক্ষা পরিষদের আহ্বায়ক এম এ কামাল ইউরি ও বরেন্দ্র পরিষদের আহ্বায়ক রবীন্দ্র গবেষক হাসান রাজা বক্তব্য দেন। তাঁরা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক প্রত্নসম্পদ ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনের নামে পাচারের পাঁয়তারা করলে আন্দোলনের মুখে সংশ্লিষ্ট উপদেষ্টা পদত্যাগ করেন এবং বিমান বন্দর থেকে মূর্তিগুলো ফেরত নিয়ে আসা হয়। কিন্তু জাদুঘরে নিয়ে আসার পরে আর মূর্তিগুলো সব প্রদর্শনীর ব্যবস্থা করা হয়নি।তাঁরা বলেন, বেশকিছু মূর্তি গুদামে রাখা হয়েছে। সেখানে পরিচালক ছাড়া সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার নেই। বক্তারা অবিলম্বে প্রত্নসম্পদগুলো আগের জায়গায় সঠিকভাবে পুনঃস্থাপনের জন্য জোর দাবি জানান।জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক মো. জাকারিয়া বলেন, ‘আমাদের গঙ্গা মূর্তিটি ভেতরে লোহার রড দিয়ে জোড়া দেওয়া ছিল। ফ্রান্সে পাঠানোর সময় ওটা ভেঙে যায়। তাদের সঙ্গে চুক্তি ছিল ফেরত দিয়ে যাওয়ার সময় তারা আবার নিজ দায়িত্বে ঠিক করে দিয়ে যাবে। কিন্তু পরে চুক্তি ভেঙে গেলে ওরা আর ঠিক করে দেয়নি। সেই জন্য ওটা ওইভাবেই নিচে রেখে দেওয়া হয়েছে।তিনি বলেন, ফ্রান্সে পাঠানোর আগেও প্রজ্ঞাপারমিতা আমাদের গুদামে ছিল। এখনো গুদামেই রাখা হয়েছে। আর মঞ্জুশ্রী সোনারপাতে মোড়ানো মূর্তি হওয়ার কারণে কখনোই আলমারির বাইরে রাখা হয়নি। এখনো রাখা হচ্ছে না। তিনি বলেন, তা ছাড়া বাকি সব মূর্তিই তাঁরা প্রদর্শন গ্যালারিতে রেখেছেন।