বরেন্দ্র প্রকল্পের ৬০০ একরে বোরো আবাদ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন না পাওয়ায় জয়পুরহাটের ক্ষেতলালে বরেন্দ্র প্রকল্পের ছয়টি গভীর নলকূপে সেচের জন্য বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়নি। এ কারণে ওই ছয়টি নলকূপের আওতাধীন ৬০০ একর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।উপজেলা বরেন্দ্র বহুমুখী প্রকল্প সূত্রে জানা গেছে, ২০০৮ সালের অক্টোবর মাসে বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে ছয়টি গভীর নলকূপ স্থাপন করা হয়। কিন্তু বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) গভীর নলকূপের অনুমোদন দেয়নি। এতে এসব নলকূপে সেচের জন্য বিদ্যুত্ সংযোগ ও নালা নির্মাণ করা যায়নি।জানা গেছে, উপজেলার দৌলতপুর কানাইপুকুর গ্রামের আবদুল হাকিম, রসুলপুর গ্রামের নূরুল আমীন, মির্জাপুর গ্রামের শফিকুল ইসলাম, মহব্বতপুর গ্রামের রেজা আমিন, ইকরগাড়া গ্রামের আবদুল কুদ্দুস ও কাঁচাকুল গ্রামের সাজ্জাদুর রহমানের গভীর নলকূপে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়নি। গভীর নলকূপের মালিক আবদুল হাকিম অভিযোগ করে বলেন, বিদ্যুত্ সংযোগ না দেওয়ায় তাঁর নলকূপের আওতাধীন কৃষকদের ২৫০ বিঘা জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এতে এ মৌসুমে এসব জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলা বরেন্দ্র বহুমুখী প্রকল্পের কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি গভীর নলকূপের প্রকল্প উপজেলা বরেন্দ্র কার্যালয় তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা করে উপজেলা সেচ কমিটিতে অনুমোদন দেয়। উপজেলা গভীর নলকূপ মালিক সমিতির মাধ্যমে বিএডিসি জয়পুরহাট কার্যালয়ে এ প্রকল্পের নলকূপগুলোর অনুমোদনের জন্য আবেদন পাঠানো হয়েছে। তারা অনুমোদন দিলেই বিদ্যুত্ সংযোগ ও নালা নির্মাণ করা হবে।উপজেলা বরেন্দ্র বহুমুখী প্রকল্পের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মোশাব আলী জানান, ছয়টি গভীর নলকূপের অনুমোদন পাওয়ার ব্যাপারে উপজেলা কমিটি কাগজপত্র চার মাস আগে বিএডিসি জেলা কার্যালয়ে পাঠিয়েছে। বিএডিসি জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী জাকির সিদ্দিকি বলেন, ‘আমাদের এখানে গভীর নলকূপের অনুমোদনের জন্য কোনো আবেদন জমা হয়নি।’ জেলা গভীর নলকূপ মালিক সমিতির সাধারণ সম্পাদক অফির উদ্দীন জানান, সেচ কমিটির সভা না হওয়ায় অনুমোদন পাওয়াতে কিছুটা বিলম্ব হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, গভীর নলকূপের অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জয়পুরহাট জেলা বিএডিসি কার্যালয়ে পাঠানো হয়েছে।