বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগ
রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে বিভাগটির পরিচিতি ও শিক্ষা কার্যক্রম তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান বলেন, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে উচ্চতর পর্যায়ে পঠন-পাঠন বিশ্বব্যাপী বেশ অগ্রসর। বাংলাদেশেও সাংবাদিকতা-শিক্ষা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাংবাদিকতা বিষয়ে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয়েছে। এ সময় তিনি এ বিভাগের প্রতিটি শিক্ষার্থী ও অভিভাবক আস্থা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওসমান গণী তালুকদার, সহ-উপাচার্য নুরুল হোসেন চোধুরী, রেজিস্ট্রার শামীম আহসান প্রমুখ।