বরেন্দ্র সার কারখানা নিলামের নির্দেশ
বগুড়ার দুপচাঁচিয়ায় অবস্থিত বরেন্দ্র ফার্টিলাইজার নামের বেসরকারি মিশ্র সার কারখানাটি নিলামে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। প্রতিষ্ঠানটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দুপচাঁচিয়া শাখায় প্রায় সাড়ে আট কোটি টাকার ঋণখেলাপি হওয়ায় মামলা করেছিল রাকাব। ২৮ নভেম্বর নিলাম ডাক হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের কৃষকদের সারের চাহিদা পূরণে মিশ্র সার কারখানা স্থাপন করেন নওগাঁর ব্যবসায়ী সুরেশ আগরওয়ালা। ২০০০ সালের প্রথম দিকে উপজেলা সদর থেকে এক কিলোমিটার দূরে তিশিগাড়ি এলাকায় কারখানাটির কাজ শুরু ও এক বছরের মাথায় কাজ শেষ হয়। কারখানার যন্ত্রপাতি ভারত থেকে আমদানির জন্য তিনি রাকাব দুপচাঁচিয়া শাখায় ঋণের জন্য আবেদন করেন।রাকাব দুপচাঁচিয়া শাখা সূত্রে জানা যায়, ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সুরেশ আগরওয়ালা ও তাঁর স্ত্রী মীরা দেবীর নামে পর্যায়ক্রমে চার কোটি টাকার ঋণ মঞ্জুর করে। যন্ত্রপাতি আমদানির পর কারখানাটি আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায়। কিন্তু প্রায় আট মাসের মাথায় কারখানার সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ঋণ বকেয়া থাকায় বর্তমানে তা সুদাসলে দাঁড়িয়েছে আট কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৮১৩ টাকা। ব্যাংক এই টাকা আদায়ের জন্য বারবার তাগাদা দিয়ে আদায় করতে ব্যর্থ হয়ে বগুড়া অর্থঋণ আদালতে মামলা করে। ২৮ নভেম্বর আদালতে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক ড্রাফটসহ নিলামে অংশগ্রহণেচ্ছুকদের দরপত্র দাখিল করতে বলা হয়েছে।কারখানার স্বত্বাধিকারী সুরেশ আগরওয়ালা বলেন, এলাকার কৃষকদের সারের চাহিদা পূরণ ও অধিক পণ্য উৎপাদনের লক্ষ্যেই ব্যাংক ঋণ নিয়ে কারখানাটি স্থাপন করেছিলেন। ডিলারদের কাছে টাকা বকেয়া পড়ে যাওয়ায় তিনি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছেন। ব্যাংক কারখানা নিলামের ব্যবস্থা করলেও তিনি তা রক্ষার চেষ্টা করবেন বলে জানান।রাকাব দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক মাহমুদুল আলম বলেন, ব্যাংক ঋণ পরিশোধের জন্য কারখানার মালিকের সঙ্গে বারবার আলোচনা করে কোনো ফায়দা হয়নি। তাই চলতি বছরের জুলাই মাসে টাকা আদায়ের জন্য অর্থঋণ আদালতে মামলা করা হয়। ২৮ নভেম্বর নিলামের দিন ধার্য করেছেন আদালত।