বরেন্দ্রর চাষির মুখে ফুলের হাসি

বরেন্দ্রর মাটি যেন বিশুষ্ক হলদে বিস্কুট। খাঁড়ির পানি দিয়ে কোনোমতে ধানের আবাদ হতো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাঁড়িও খালি হয়ে যেত। তারপর এল গভীর নলকূপ। এবার পানির স্তর নেমে গেল নিচে। বৃষ্টিপাত কম। আর পুনর্ভরণ হয় না।
ধানের চাষ করে সেচের খরচই ওঠে না। এ সময় শুরু হয় শস্য বহুমুখীকরণের চিন্তা। আসে টমেটো। শুরু হয় শিমের চাষ। চলছে শিম-টমেটোর গ্রীষ্মকালীন চাষও। এবার ফুটেছে ফুল। গ্লাডিওলাস। মাত্র ৬৫ দিনেই সংগ্রহ। বরেন্দ্রের কৃষকের মুখে এবার ফুলের হাসি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের মধ্যে ‘হাই বারিন্ড’ অর্থাৎ উঁচু বরেন্দ্র নামে পরিচিত রাজশাহীর গোদাগাড়ি এলাকা।
চাষিদের ভাষ্যমতে, গোদাগাড়িতে এ পর্যন্ত যেসব ফসলের চাষ হয়েছে, তার মধ্যে ফুলের চাষ সবচেয়ে লাভজনক। উপজেলার কাদিরপুর গ্রামে পরীক্ষামূলকভাবে ৫ শতাংশ জমিতে গ্লাডিওলাস চাষ করেছেন কৃষক কাইয়ুম আলী। তিনি বলেন, তাঁর এই জমিতে ধানের চাষ করলে খরচ বাদে এক থেকে দেড় হাজার টাকার বেশি আয় হতো না। কিন্তু ফুলের চাষ করে সব খরচ বাদে তাঁর কমপক্ষে ১৫ হাজার টাকা আয় হবে। তিনি বলেন, ৬৫ দিনের মাথায় তিনি ফুল সংগ্রহ শুরু করেছেন।
গত শুক্রবার দুপুরে কাইয়ুম আলীর খেতে গিয়ে দেখা যায়, কাইয়ুম ও তাঁর ছেলে নাইয়ুম ইসলাম ফুল সংগ্রহ করছে। নাইয়ুম জানায়, এ ফুলের ব্যবসার মর্ম সে বুঝে ফেলেছে। এ ফুল সারা বছরই করা যাবে। বছরে দুই ঈদ, বিভিন্ন জাতীয় দিবস ও ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে সামনে রেখে এই ফুলের চাষ করতে পারলে আরও লাভবান হওয়া যাবে। সে প্রতিদিন ফোনে যশোরের চাষিদের সঙ্গে যোগাযোগ রাখছে। সেখানে গত শুক্রবার একটা ফুল তিন টাকায় বিক্রি হয়েছে। আর রাজশাহীতে তারা ন্যূনতম পাঁচ টাকায় বিক্রি করেছে। কোথায় কোথায় ফুলের বাজার তারা তা জেনে গেছে। শুক্রবারের ওঠানো ফুল নিয়ে তারা চাঁপাইনবাবগঞ্জ যাবে। ভবিষ্যতে তারা আরও বেশি করে ফুলের চাষ করবে। এখন ফুল তুলে আবার খাওয়ার জন্য ধানও করতে পারবে।
উপজেলার বিজয়নগর গ্রামের শফিকুল ইসলাম মাত্র আড়াই শতাংশ জমিতে ফুলের চাষ করেছেন। তাঁর জমিতে গিয়ে দেখা যায়, ফুল আহরণ শেষ পর্যায়ে চলে এসেছে। শফিকুল জানান, তিনি ফুলের খুব ভালো দাম পেয়েছেন। একটা ফুল ১০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন।
শফিকুল ইসলাম জানান, এ জমি থেকে তিনি ১৬ হাজার ২০০ টাকার ফুল বিক্রি করেছেন। তাঁর খরচ হয়েছে এক হাজার টাকা। তিনি বলেন, এখন সরিষার মৌসুম। তাঁর এ জমিতে সরিষা চাষ করলে পাঁচ কেজির বেশি সরিষা পেতেন না। বাড়ির পাশের জমি হিসেবে তাঁর স্ত্রী নাজমিন খাতুনই ফুলের পরিচর্যা করেছেন।
গোদাগাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, দ্বিতীয় শষ্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় চাষিদের এই ফুলের বীজ সরবরাহ করা হয়েছিল। ওই বীজ থেকেই তাঁরা পরে চাষ করতে পারবেন। তাঁদের আর কোনোদিন বীজ কিনতে হবে না।
সাইফুল আলম জানান, গোদাগাড়িতে এর চেয়ে লাভজনক ফসল আর চাষ হয়নি। তাঁরা চাষিদের চাষের প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি ফুলের পাইকারি বাজারও ধরিয়ে দিয়েছেন। এখন তাঁরা নিজেরাই এগিয়ে যেতে পারবেন। পাঁচ চাষির সাফল্য দেখে এখন অনেক চাষি তাঁদের কাছে ফুল চাষের জন্য ভিড় করছেন।