বরেন্দ্রর বর্ষাকালীন তরমুজ
বিঘার পর বিঘা জমিতে মাচা। মাচায় ঝুলে আছে শত শত তরমুজ। আদিবাসী নারী শ্রমিকেরা সেই তরমুজের গায়ে জাল পরাচ্ছেন, যাতে বোঁটা ছিঁড়ে মাটিতে না পড়ে যায়। উঁচু বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর মাঠের এ দৃশ্য।
গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঈশ্বরীপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার বলেন, এপ্রিলের শেষ দিকে এই তরমুজের বীজ বপন করা হয়। ৬০ দিনের মাথায় তরমুজ উঠতে শুরু করেছে। তিনি বলেন, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়টা জমি শুধুই পড়ে থাকে। এরপর শীতকালীন ফসলের জন্য জমি তৈরি করা হয়। এই ফাঁকে চাষিরা বর্ষাকালীন তরমুজ করতে পারবেন। দুই বছর ধরে পরীক্ষামূলকভাবে তাঁরা এই চাষিকে পরামর্শ দিয়ে তরমুজ চাষে সফল হয়েছেন। তিনি বলেন, তিনি নিজে খেয়ে দেখেছেন এই তরমুজ অন্য মৌসুমের তরমুজের চেয়ে বেশি মিষ্টি। এই তরমুজগাছের বালাই দমনে খেতে কোনো কীটনাশক এবং তরমুজ পাকানোর জন্য রাসায়নিক ব্যবহার করা হয় না বলেও তিনি জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বরেন্দ্র অঞ্চলের মধ্যে ‘হাই বারিন্ড’ অর্থাৎ উঁচু বরেন্দ্র নামে পরিচিত রাজশাহীর গোদাগাড়ী এলাকা। প্রচণ্ড খরাপ্রবণ এই এলাকার চাষিরা আগে শুধু বৃষ্টিনির্ভর একটি আমন ধান চাষ করতেন। শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় বর্তমানে গোদাগাড়ীর কৃষকেরা ধানের পাশাপাশি অন্যান্য ফসল আবাদ করছেন। এই এলাকায় এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়টা জমি খালি পড়ে থাকে। দুই বছর ধরে এই সময়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর এলাকায় একজন চাষি বর্ষাকালীন তরমুজ চাষ শুরু করেছেন। এবার তিনি ১০ বিঘা জমিতে এই তরমুজ চাষ করেছেন। এই কৃষকের নাম মনির হোসেন। তাঁর বাড়ি রাজশাহী নগরের মহিষবাথান এলাকায়। তিনি এবার গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর ব্লকে নিজের ১০ বিঘা জমিতে বর্ষাকালীন তরমুজ চাষ করেছেন। গত বছর মাটিতে তরমুজ চাষ করে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক তরমুজ পচে গেছে। এ জন্য এবার পুরো জমিতে তিনি মাচা তৈরি করেছেন। মাচায় লাউয়ের মতো তরমুজ ঝুলে আছে।
গতকাল সোমবার চৈতন্যপুর মাঠে গিয়ে দেখা যায়, তরমুজখেতে আদিবাসী ১৮ জন নারী শ্রমিক কাজ করছেন। কেউ মাচার নিচে বসে তরমুজে জাল পরাচ্ছেন, আবার কেউ ট্রাকে বোঝাই করার জন্য তরমুজ কাগজে মোড়াচ্ছেন।
চাষি মনির হোসেন বলেন, এক বিঘা জমিতে মাচা তৈরি করতে তাঁর ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ পড়েছে। এক বিঘার মোট উৎপাদন খরচ পড়েছে প্রায় ৫০ হাজার টাকা। তিনি আশা করছেন, এক বিঘা জমিতে ৭০ থেকে ৮০ মণ তরমুজ হবে। এবার ঢাকায় প্রতি কেজি তরমুজ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। খরচ বাদে প্রতি বিঘায় তাঁর গড়ে ২০-৩০ হাজার টাকা আয় হবে। গতবার এই তরমুজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তিনি বলেন, এবার আবহাওয়া ঠান্ডা থাকায় এবং রোজার মধ্যে আম থাকার কারণে তরমুজের চাহিদা কম। এ জন্য মুনাফা একটু কম হবে।