বরেন্দ্রর মাটিতে এবার আনারস
প্রচণ্ড খরাপ্রবণ অসমতল বরেন্দ্র এলাকার মাটিতে এবার আনারস চাষে সাফল্য পাওয়া গেছে। সিলেট বা টাঙ্গাইলের মতোই আকার ও স্বাদ এই আনারসের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পরীক্ষামূলকভাবে তারা এখানে আনারস চাষে সফল হয়েছে। এখন বাণিজ্যিকভাবে এ অঞ্চলে আনারস চাষ করা যাবে বলে তারা আশা করছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের মধ্যে ‘হাই বারিন্ড’ অর্থাৎ উঁচু বরেন্দ্র নামে পরিচিত রাজশাহীর গোদাগাড়ী এলাকা। প্রচণ্ড খরাপ্রবণ এই এলাকায় চাষিরা শুধু বৃষ্টিনির্ভর একটা আমন ধান চাষ করতেন। খাঁড়ির পানি দিয়ে তাতে কোনোমতে একটি ধানের আবাদ হতো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাঁড়িও খালি হয়ে যায় । তারপর এল গভীর নলকূপ। এবার পানির স্তর নেমে গেল নিচে। বৃষ্টিপাত কম। আর পুনর্ভরণ হয় না। ধান চাষ করে চাষির সেচের খরচই ওঠে না। শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওয়তায় গোদাগাড়ীর কৃষকেরা এখন ধানের পাশপাশি টমেটো ও শিম চাষ করছেন। এবার এখানে পরীক্ষামূলকভাবে আনারস চাষ করা হয়েছে।
গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের কৃষক আশরাফ আলী তাঁর আমবাগানের মধ্যে পরিত্যক্ত ১৫ কাঠা জমিতে ‘ক্যালেঙ্গা’ জাতের আনারস চাষ করেছেন। আশরাফ জানান, টাঙ্গাইল থেকে গত বছর ফেব্রুয়ারি মাসে দুই হাজার ২০০ আনারসের চারা নিয়ে আসেন। ট্রাকভাড়াসহ ১৫ হাজার টাকা খরচ হয়েছে। পরিচর্যা বাবদ আরও হাজার দুয়েক টাকা খরচ হয়। নিড়ানি ছাড়া আর কোনো পরিচর্যা লাগে না। সেচ দিতে হয় না। গত বৈশাখ মাস থেকে আনারস ধরতে শুরু করেছে। প্রথমবার প্রায় দেড় হাজার গাছে ফল এসেছে।
৮ জুলাই আশরাফ আলীর আনারস খেতে গিয়ে দেখা যায়, আনারস পাকতে শুরু করেছে। আশরাফ আলী বলেন, হরমন দিলে আরও আগে আনারসে রং ধরে যেত। আকার আরও বড় হতো। কিন্তু তিনি তা করেননি। তিনি বলেন, রাজশাহীর বাজারে এখন প্রতিটি আনারস ২৫ থেকে ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। দু-এক দিনের মধ্যে তাঁর বাগানেও পাইকারি ক্রেতা আসবেন। কী দাম পাওয়া যাবে, তা এখনই বলা যাচ্ছে না।
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, প্রথমবার আনরস ধরতে ১৮ মাস সময় লাগে। এরপর থেকে প্রতিবছর ধরে। নতুন করে আর চারা লাগতে হবে না। বরং একটি গাছ থেকে চার পাঁচটি করে ‘ক্রাউন’ পাওয়া যাবে। সেগুলো চারা হিসেবে বিক্রি করা যাবে বা অন্য জমিতে লাগানো যাবে। প্রথমবার যে গাছ লাগানো হয়েছে, বছরের পর বছর সেই গাছ থেকেই আনারস পাওয়া যাবে। এ জন্য প্রথমবার এটা লাভজনক না হলেও পরের বছর থেকে আনারস চাষ লাভজনক হবে।
সাইফুল আলম আরও বলেন, আমবাগানের পতিত জমিতে হলুদ ছাড়া আর কিছুই হয় না। হলুদ প্রতিবছর লাগাতে হয়। তাও কোনো বছর দাম পাওয়া যায়, কোনো বছর পাওয়া যায় না। আনারসের রোগবালাই নেই। শুধু পচন রোগে কিছু গাছের ক্ষতি হয়। পরিচর্যা করলে তাও হয় না। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে তাঁরা আমবাগান পছন্দ করেছেন এ জন্য যে আমগাছ রাতে কার্বন ডাই-অক্সাইড ছাড়ে। এ সময় আনরাসের গাছের পত্ররন্ধ্র খোলা থাকে। সে তখন তা গ্রহণ করে। তা ছাড়া গোদাগাড়ীতে সেচ ছাড়া কোনো আবাদের কথা চিন্তাও করা যায় না। কিন্তু আনারসে কোনো সেচের প্রয়োজন পড়ে না। এটা বিরাট ব্যাপার।