বরের আগে এল পুলিশ, রক্ষা পেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েবাড়ির লোকজন ছিল বর আসার অপেক্ষায়। ওপাশে চলছিল রান্নাবান্নার আয়োজন। বরকে স্বাগত জানাতে জনাকয়েক লোক গেট সাজাচ্ছিল। কিন্তু বর আসার আগেই সেই গেট ডিঙিয়ে হাজির হলেন সরকারি কর্মকর্তা ও পুলিশ। বাড়ির লোকজন হতবাক। কনেপক্ষকে বোঝানো হলো, সরকারি আইনে বাল্যবিবাহ নিষিদ্ধ। এ বিয়ে বন্ধ করতে হবে। এভাবেই বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল মেয়েটি। গতকাল রোববার ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওলডাংরা ভূঁইয়াবাড়ি একাডেমির ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে এলাকার যুবসমাজ এ বিয়ের প্রতিবাদ জানিয়ে আসছিল। তাতে কোনো কাজ না হওয়ায় ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শনিবার রাতে জানানো হয়। ছাত্রীটির শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান ভূঁইয়া জানান, বিদ্যালয়ের ভর্তি রেজিস্টার অনুযায়ী তার জন্মতারিখ ১/১/৯৯ উল্লেখ রয়েছে। ওই এলাকার ব্র্যাক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আক্তার জানান, বিয়ে ঠিক হওয়া পর মেয়েটি তাঁর কাছে এসে কান্নাকাটি করে এখন বিয়ে করবে না বলে জানিয়েছিল।গতকাল সকালে ইউএনওর প্রতিনিধি হিসেবে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন ও নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম খান সিদ্দিকী ওই গ্রামে গিয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করার নির্দেশ দেন। ছাত্রীটির বাবা আসাদুজ্জামান লিখিত অঙ্গীকারনামা দিয়ে বলেন, ১৮ বছর হওয়ার আগে মেয়েকে তিনি বিয়ে দেবেন না। মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন বিয়ে বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।