বরের দৌড়
বরযাত্রীদের পাশাপাশি আত্মীয়স্বজনের ভিড়ে গমগম করছিল বিয়েবাড়ি। শুরু হয়ে গিয়েছিল আমন্ত্রিতদের খাওয়া-দাওয়া পর্ব। শ্বশুরবাড়ি যাওয়ার আগে বাড়ির ভেতরে চলছিল কনের সাজগোজ। আচমকা বিয়েবাড়িতে এসে হাজির হয় একদল পুলিশ। নিমেষেই বদলে যায় উৎসবের চিত্র। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় কিশোরীর বিয়ের অনুষ্ঠান। অবস্থা বেগতিক দেখে বর জমির আইল ধরে ভোঁ দৌড় দেয়। পিছু নেয় পুলিশ। ততক্ষণে বর নাগালের বাইরে। আর সঙ্গে আসা বরযাত্রীরাও নিমেষে হাওয়া হয়ে যান। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর বিলহামলা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায় বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীটি। এলাকাবাসী জানান, ওই ছাত্রীর সঙ্গে পিরব গ্রামের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের পড়ুয়া এক ছাত্রের বিয়ে ঠিক হয়। বাল্যবিবাহের খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। কনের বাবা বলেন, ‘পাত্র পাওয়ায় মেয়ের বিয়ে ঠিক করি। আইনকানুন জানতাম না। এখন ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেব না।’ শিবগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, বাল্যবিয়ের কুফল সম্পর্কে মেয়ের বাবাকে বোঝানো হলে তিনি বিয়ে বন্ধ করে দেন।