নোয়াখালীর হাতিয়ার মেঘনায় বর-কনেসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বরের ছোট ভাইসহ দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণঘাটের কাছে বউবাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন বরের ছোট ভাই মো. ইয়াছিন আরাফাত (১০) ও কনের আত্মীয় আরিফ উদ্দিন (৩২)। নদী থেকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন দিন আগে হাতিয়ার সুখচর ইউনিয়নের চরআমানউল্লাহ গ্রামের মো. শাহদাত মাঝির মেয়ের সঙ্গে হরনী ইউনিয়নের বয়ারচরের রসুলপুর গ্রামের আক্তার হোসেনের সঙ্গে বিয়ে হয়। সোমবার ছিল বৌভাত অনুষ্ঠান। কনের বাবা শাহদাত মাঝি নিজের ট্রলারে করে আত্মীয়স্বজনকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বয়ারচরের চেয়ারম্যানঘাট থেকে একই ট্রলারযোগে বর ও কনেকে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার পথে মেঘনার রামচরণঘাটের কাছে বউবাজার এলাকায় ট্রলারটি ডুবে যায়। এতে দুজন মারা যান।
সূত্র জানায়, ট্রলারডুবির পর অন্য ট্রলারের জেলেদের সহায়তায় বর আক্তার হোসেন (৩০), কনে সীমা বেগমসহ (১৮) নয়জন যাত্রীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আলাউদ্দিন (১০) নামের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে গেছে। তিনি জানান, বর-কনে ভালো আছেন।