বরের হাত ধোয়া নিয়ে যা হলো...
পটুয়াখালীর বাউফল পৌরসভার দাশপাড়া গ্রামের এক বিয়ে বাড়িতে আজ রোববার দুপুরে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। বরের হাত ধোয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে বাউফল পৌরসভার বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে শম্পার (১৮) সঙ্গে পাশের কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের মো. সেলিম প্যাদার ছেলে মো. সাইফুল প্যাদার (২৪) পারিবারিকভাবে বিয়ে হয়। আজ রোববার শম্পার বাবার বাড়িতে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাওয়া শেষে বিকেল তিনটার দিকে বরের হাত-ধোয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শম্পার বড় ভাই সাগরকে (২৭) বর পক্ষের লোকজন গ্লাস দিয়ে আঘাত করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের শিশু ও নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সবুজ (৩০), মনির (২৫), রিমন (২২) ও জাহানারা বেগমকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ইব্রাহিম জমাদ্দার (২০) ও মামুন প্যাদা (২৫) নামের দুজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।