বর্গায় পালনকারীরা লোকসানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ৫৫টি চরের লক্ষাধিক চরবাসী সারা বছর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বর্গায় গরু পালন করেন। কিন্তু এবারও তাঁরা কোরবানির পশুর হাটে গরুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। মরা কার্তিক, ধান না পাকা, ইলিশ প্রজনন মৌসুম ও নদীতে মাছ না থাকায় মানুষের হাতে টাকা নেই। আর তাই কোরবানির পশুর কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা। এ দিকে চুয়াডাঙ্গায় কোরবানির পশুর হাটে ভারতীয় গরুর আমদানি বেড়েছে। ভারতীয় গরুর দাম কম বলে ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন। এতে বর্গায় গরু পালনকারীরা কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন। চর গণেশপুরের সাত্তার বেপারী (৬৫) জানান, তাঁর ঘরে ১২টি গরু। সবগুলোই বর্গা নেওয়া। তিনি বলেন, ‘মালিক গরু কিনে দেয়। তার নাতি-নাতনিরা চরের জমিতে রোদে পুড়ে, বর্ষায় ভিজে গরু চড়ায়। ঘাস খাইয়ে গরু বড় করে। ষাঁড় ও বলদগুলো ঈদ এলে বিক্রি করি। মালিকের মূলধন বাদ রেখে লাভের অংশ দুই ভাগ করা হয়। এক ভাগ মালিকের, অন্য ভাগ বর্গা পালনকারীর।’ তিনি আরও জানান, এবার তাঁর দুটি গরু কোরবানিতে বিক্রির উপযুক্ত হয়েছে। গরু দুটির একটির দাম ৩০ এবং অপরটির দাম উঠেছে ২০ হাজার টাকা। বেশি দাম পাওয়ার আশায় ইলিশার হাটে নিয়েছিলেন। সেখানে আরও কম দাম বলছে। সদর উপজেলার তুলাতুলি খেয়াঘাটে আলী আজগর (৫৪) ট্রলারে দুই-তিনটি পোঁটলা নিয়ে ওঠেন। একটি পোঁটলার মধ্যে পুরোনো ছেঁড়া বস্তা। এগুলো কেন? বস্তাগুলো গরুর জন্য। শীতের ভাব পড়ায় মশার উপদ্রব বেড়েছে। রাতে কিছু একটা গায়ে না দেওয়া যায়, গরু রোগা হয়ে যাবে। আজগরের লুঙ্গিটি যে কেউ দেখলে বলবে, কেনার পড়ে সাবান দিয়ে ধোয়া হয়নি। চুলগুলো এলোমেলো। জামার বোতাম ছেঁড়া। পান খেয়ে দাঁতের অবস্থা যাচ্ছে না তাই করে ফেলেছে। কিন্তু মুখে-হাতে তেল মেখেছে, চক চক করছে। তার শরীরে শতটা রোগ থাকলেও সে বিষয়ে কোন চিন্তা নেই, কিন্তু গরুর চিন্তায় ব্যস্ত। কারণ, এ গরুর অছিলায় আজগর দুটো বাড়তি আয় করে। দৌলতখান উপজেলার চর পদ্মা গ্রামের কামাল সরদার নয়টি গরু বর্গায় পালন করছেন। এবার দুটি গরু বিক্রি করবেন আশা করেছিলেন। নোয়াখালীর গরু ব্যবসায়ীরা একটির দাম ২০ হাজার টাকা বলেছেন। যা স্বাভাবিক দামের চেয়ে আট হাজার টাকা কম। ভোলা সদর উপজেলার তুলাতলি গরুর হাটের ক্রেতা আসলাম গোলদার জানান, ভোলার মানুষের আয়ের প্রধান মাধ্যম কৃষি ও মাছ। এখন চলছে মরা কার্তিক। খেতে ধান পাকেনি। অন্য দিকে সারা বছর জেলের জালে ইলিশ পড়েনি এবং সদ্য ইলিশ প্রজনন মৌসুম গত হওয়াতে লোকজনের হাতে টাকা-পয়সা নেই। গরু কিনবে টাকা পাবে কোথায়? চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গরু পালনকারী মাজু গ্রামের মনিরুজ্জামান জানান, চলতি বছর পশুর হাটগুলোতে তুলনামূলকভাবে ভারতীয় গরু বেশি আমদানি হওয়ায় তাঁর মতো ক্ষুদ্র গরু পালনকারীরা আশানুরূপ দাম না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই কথা জানালেন, গরু বিক্রেতা আশরাফুল হক ও তক্কেল আলী। ডুগডুগি হাটে ভারতীয় গরুর বিক্রেতা দামুড়হুদার কামারপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন জানান, বৈধভাবে করিডর হয়ে এসব গরু বাংলাদেশে প্রবেশ করছে। ভারতীয় গরুর আমদানি না হলে সাধারণ মানুষের পক্ষে কোরবানি দেওয়া সম্ভব হতো না। ডুগডুগি পশুর হাটের ইজারাদার লিয়াকত আলী শাহ জানান, বিগত যেকোনো বছরের তুলনায় এ বছর পশুর আমদানি বেড়েছে। সেই সঙ্গে দাম সহনীয় পর্যায়ে থাকায় ক্রেতারাও খুশি হয়ে ফিরছেন।