নির্বাচন বর্জন ও হরতালের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর, শরণখোলা, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। ওই চারটি উপজেলায় আজ রোববার হরতাল ডেকেছেন তাঁরা। গতকাল শনিবার সদর উপজেলায় নির্বাচন চলাকালে প্রতিপক্ষের হামলায় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদে সংগঠনের নেতা-কর্মীরা আজ পৃথক হরতাল ডেকেছেন।

হত্যা, সন্ত্রাস, সহিংসতা, ককটেল বিস্ফোরণ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্রে আসতে বাধা ও জাল ভোট প্রদানের প্রতিবাদে গতকাল নির্বাচন শুরুর তিন ঘণ্টার মধ্যে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। পরে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম সদরের কলেজিয়েট স্কুল কেন্দ্রে সাংবাদিকদের মাধ্যমে চার উপজেলায় পুনরায় নির্বাচনের দাবি জানান। তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের ব্যর্থতার কারণে ওই চার উপজেলায় আজকের হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

শরণখোলা সদরের রায়েন্দা পাইলট হাইস্কুলে সকাল নয়টায় ও সকাল ১০টায় শরণখোলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুটিরই প্রবেশপথে তল্লাশিচৌকি বসিয়েছে কামাল উদ্দিনের বাহিনী। তাদের সবার হাতে লাঠি। ওই তল্লাশিচৌকিতে জবাবদিহি না করে ভোটাররা কেউ কেন্দ্রে ঢুকতে পারেননি।

শরণখোলা সদরের রায়েন্দা পাইলট হাইস্কুলে সকাল ৯টা ও ১০টায় শরণখোলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুটিরই প্রবেশপথে তল্লাশিচৌকি বসিয়েছে কামাল উদ্দিনের বাহিনী। এ সময় খবর আসতে থাকে সাউথখালী ইউনিয়নের সাতটি কেন্দ্রের সব কয়টি থেকে এবং খোন্তাকাটা ইউনিয়নের তালতলি-নলবুনিয়া কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান খানের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বেলা ১১টা পাঁচ মিনিটে খোন্তাকাটার মঠেরপার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে সাংবাদিকদের ডেকে মতিয়ার নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এরপর একে একে বিএনপি-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাগর আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত-চেয়ারম্যান প্রার্থী মো. সেকান্দার আলী তালুকদার ও আওয়ামী লীগের একাংশের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মেজবাহ উদ্দিন একই অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

মোরেলগঞ্জে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত শাহে আলম ওরফে বাচ্চুর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখল করে তাঁর সব এজেন্টকে মারধর এবং কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনেছেন। এসব ব্যাপারে প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় সকাল সাড়ে ১০টায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। পরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীনা ফেরদৌসীও নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

রামপালেও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েই বাগেরহাট সদরে চলে যান।

বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা হাবিবুল হক খান প্রথম আলোকে বলেন, ‘পাঁচটি উপজেলার ৩১৪টি কেন্দ্রের কোথাও কোনো গোলযোগের খবর আমাদের জানা নেই। কারও কারও নির্বাচন বর্জনের খবর টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের কেউ লিখিতভাবে জানাননি।’