বর্জ্য অপসারণে সফল হওয়ার দাবি ঢাকার দুই মেয়রের

কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনই সফল হয়েছে বলে দাবি করেছেন দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। তাঁরা বলেছেন, নগরবাসী সচেতন হওয়ায় তাঁরা খুব অল্প সময়ে ঢাকাকে বর্জ্যমুক্ত করতে পেরেছেন।
গতকাল রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র নিজ নিজ কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
গুলশানে উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বলেন, যে যেখানে কোরবানি করুন না কেন, মানুষ সচেতন হয়েছেন। ফলে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময় লাগেনি, ২৭ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, গত তিন দিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কারও ছুটি ছিল না। এই বিভাগের সবাই নিরলসভাবে কাজ করেছেন।
ঢাকা মহানগরের বিলবোর্ড অপসারণের বিষয়ে আনিসুল হক বলেন, বিলবোর্ড অপসারণের জন্য চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নগরের বিভিন্ন মোড়ে বিলবোর্ড দেখা যাচ্ছে। তিনি বিলবোর্ডের মালিক ও বিজ্ঞাপনদাতাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আপনাদের লাখ লাখ টাকা ফাইন হবে। যাঁরা বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন, আপনাদেরও শাস্তি হবে। দ্রুত বিলবোর্ড সরিয়ে ফেলুন। সময় শেষ হয়ে গেলে কঠোর অ্যাকশনে যেতে বাধ্য হব।’
গুলিস্তানে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, জনগণের সার্বিক সহযোগিতায় তাঁরা কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ‘পশুর হাটগুলো ছাড়া নগরের অলিগলি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছি। পশুর হাটগুলো থেকে আজকেও (গতকাল) বর্জ্য অপসারণের চেষ্টা চলছে। পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে।’ তিনি আরও বলেন, ‘এবার ১৮ হাজার মেট্রিক টন বর্জ্য হয়েছে বলে ধারণা করছি। এর মধ্যে ১৬ হাজার টন ইতিমধ্যে অপসারণ করা হয়েছে।’