বর্জ্য অপসারণে ২০০ ভ্যানগাড়ি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশনকে ২০০ ভ্যানগাড়ি দিয়ে সহায়তা করবে পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম সিটি করপোরেশনের পঞ্চম সাধারণ সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা জানান। গতকাল রোববার দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভা হয়।
সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী করপোরেশনের বিভিন্ন কাজের সুবিধার জন্য ১৪টি স্থায়ী কমিটি গঠনের কথা থাকলেও বাস্তবতার কারণে ১৮টি কমিটি গঠন করা হবে।
সভায় সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত ১৪টি স্থায়ী কমিটির বাইরে দারিদ্র্য হ্রাসকরণ ও বস্তি উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নারী ও শিশু উন্নয়ন এবং আইনশৃঙ্খলা বিষয়ে চারটি স্থায়ী কমিটি গঠন করা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বাকি কমিটিগুলো গঠনের প্রক্রিয়া চলছে।