স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা মহানগরের বর্জ্য ও জলজট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। কমিটিতে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ছাড়াও স্থানীয় নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও রাজনৈতিক নেতারা থাকবেন। খাল দখলমুক্ত, ব্যবস্থাপনা ও বক্স কালভার্ট পরিষ্কার রাখতে তাঁরা স্থায়ী কার্যক্রম পরিচালনা করবেন।
গতকাল সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ঢাকা জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বৈঠকের বিষয় ছিল ‘ঢাকা মহানগরীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা এবং পানি ও পয়োনিষ্কাশন’।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো খালই কেউ দখল করে রাখতে পারবে না। কারণ, রাজনৈতিক নেতাদের এ কমিটিতে রাখা হচ্ছে। তাঁরাই দখলমুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখবেন।
মন্ত্রী বলেন, বর্জ্য ও জলজট নিরসনে বিভিন্ন দপ্তরের মধ্যে যাতে সমন্বয়ের ঘাটতি না হয়, সে জন্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, কমিটি দুটি লক্ষ্য নিয়ে কাজ করবে। প্রাথমিকভাবে বক্স কালভার্ট পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আগামী মৌসুমের মধ্যে জলজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে। এ ছাড়া পাঁচ বছর মেয়াদি স্থায়ী পরিকল্পনা নেওয়া হবে। যার মধ্যে থাকবে অবৈধ খালগুলো দখলমুক্ত করা। খালগুলোর দুপাশে কংক্রিটের ঢালাই দেওয়া হবে, যাতে আর দখল হতে না পারে।
বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. আবদুল মালেক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।