নগরে উৎপাদিত বর্জ্যের ৬০ থেকে ৭০ শতাংশই জৈব ও পচনশীল। পুনঃ চক্রায়ণের মাধ্যমে এসব বর্জ্য জৈব সারে রূপান্তর করা যায়। এতে পরিবেশদূষণ যেমন কমানো যায়, তেমনি পরিবেশসম্মত উপায়ে এগুলো কৃষি কাজে ব্যবহার করা যাবে।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে নগরে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক কর্মশালা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের এশীয় ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (অ্যাসক্যাপ), জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বেসরকারি সংস্থা ওয়েস্ট কনসার্ন তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে। এ কর্মশালার মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১০টি দেশে বর্জ্য থেকে সার উৎপাদন প্রকল্পের যাত্রা শুরু হলো। প্রকল্পে অর্থায়ন করছে বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন। এ কর্মশালায় বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে ওয়েস্ট কনসার্নের পরিচালক ইফতেখার এনায়েতুল্লাহ বলেন, বেসরকারি সংস্থা ওয়েস্ট কনসার্ন বাংলাদেশে বর্জ্য থেকে সার উৎপাদনের কাজ শুরু করে ১৯৯৫ সালে। অন্যান্য দেশে বাংলাদেশের অনুকরণেই এ ধরনের প্রকল্প শুরু হচ্ছে। তিনি আরও বলেন, বর্জ্যকে সারে রূপান্তর করার বিষয়টি যেমন পরিবেশসম্মত, তেমনি লাভজনক। এর ফলে ২৫ থেকে ৩০ শতাংশ ফলন বেশি পাওয়া যাবে। বাংলাদেশে এ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অন্যান্য ১০টি দেশে শুরু হওয়া প্রকল্পে বাংলাদেশকেই মডেল হিসেবে সামনে রাখা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সকালে এ কর্মশালার উদ্বোধন করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো ও পরিবেশ রক্ষার জন্য যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশের ৬৪ জেলা শহরকেই এ ধরনের ব্যবস্থাপনার আওতায় আনতে চাই।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েস্ট কনসার্নের নির্বাহী পরিচালক এ এইচ মো. মাকসুদ সিনহা, অ্যাসক্যাপের কর্মকর্তা আদনান এইচ আলিয়ানি।