বর্জ্য থেকেই গ্যাস সার ও বিদ্যুৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহস্থালি বর্জ্য, গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদি দুর্গন্ধ সৃষ্টকারী ও জীবাণুবাহী বর্জ্যই স্বাচ্ছন্দ্য এনেছে ময়মনসিংহ অঞ্চলের বহু মানুষের জীবনে। ওই সব বর্জ্য দিয়ে উৎপাদিত বায়োগ্যাস তারা জ্বালানি হিসেবে ব্যবহার করছে। এ থেকে পাচ্ছে সারও। এই গ্যাস ব্যবহার করে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের কথাও ভাবা হচ্ছে।উন্নত গ্রামীণজীবনের জন্য: পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি প্রকল্পের আওতায় এই গ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। ‘বায়োগ্যাস ও উন্নত চুলা সম্প্রসারণের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস এবং বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট। ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে নয় কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে সারা দেশে দুই হাজার ৮০০ পরিবারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। ময়মনসিংহে এরই মধ্যে ৪০০ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে মুক্তাগাছায় ১৬৯, ত্রিশালে ১৬৫, সদরে ৩৮, ফুলবাড়িয়ায় ২২, নান্দাইলে পাঁচ ও ঈশ্বরগঞ্জে একটি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। জেলায় আরও ২০০ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে।ওই প্রকল্পের পরিচালক নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহ জামাল। প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও বাস্তবায়নে দিকনির্দেশনা দিচ্ছেন বিসিএসআইআরের চেয়ারম্যান আহম্মদ ইসমাইল মোস্তফা। প্রকল্প পরিচালক প্রথম আলোকে বলেন, বায়োগ্যাস প্রযুক্তি নিশ্চিত করতে পারে স্বাস্থ্যকর পরিবেশ, উন্নতমানের জৈব সার, পরিচ্ছন্ন জ্বালানি ও উন্নত গ্রামীণ জীবনযাত্রা। প্রথমে মানুষকে বায়োগ্যাসের সুবিধার কথা বোঝাতে হতো। এখন এর সুবিধা দেখে অনেক পরিবার এটি স্থাপনে আগ্রহ দেখাচ্ছে।বর্জ্য থেকেই গ্যাস, সার, বিদ্যুৎ!: বায়োগ্যাস প্ল্যান্টে সাধারণত যেকোনো পচনশীল জৈব পদার্থ যেমন: গৃহস্থালি বর্জ্য, গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, মানুষের মলমূত্র, কচুরিপানা, লতাপাতা, কৃষিজ বর্জ্য ইত্যাদি ব্যবহার করা হয়। এর ফলে যে গ্যাস উৎপন্ন হয়, তা দিয়ে রান্না করা যায়। এ ছাড়া এই গ্যাস ব্যবহার করে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে ফ্যান, রেডিও, টেলিভিশন, সিডি, বৈদ্যুতিক বাল্ব জ্বালানো যায়। প্ল্যান্টে গ্যাস উৎপাদনের পর যে অর্ধ তরল বর্জ্য পাওয়া যায়, তা উন্নতমানের জৈব সার। এই সার কৃষিকাজের পাশাপাশি মাশরুম, মাছ ইত্যাদি চাষে ব্যবহার করা হয়।বিসিএসআইআরের একটি সূত্র জানায়, ২০-২৫ জনের তিনবেলা রান্নার উপযোগী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে ৩০ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে ১২ হাজার টাকা সরকার অনুদান হিসেবে দিচ্ছে। এই প্ল্যান্ট ২৫-৩০ বছর স্থায়ী হবে।গ্যাস ব্যবহারকারীরা যা বলেন: সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা, চর কালীবাড়ী, সুতিয়াখালী ও কুষ্টিয়া নামাপাড়া এবং নান্দাইল উপজেলার বেতাগৈর গ্রামে গিয়ে বসতবাড়ি ও খামারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনকারী অনেক গ্রাহকের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে তাঁদের শুধু ইট, বালু আর সিমেন্টের জন্য ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা খরচ করতে হয়েছে। মিস্ত্রির খরচসহ বাকি অর্থ সরকারই দিয়েছে।মাসকান্দার আবদুল মতিন জানান, তিনি বাড়িতে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন। পরিবারের সাত সদস্যের জন্য রান্নার পাশাপাশি পাঁচটি গাভির খাবার তৈরির প্রয়োজনীয় গ্যাস তিনি এ থেকে পাচ্ছেন। তিনি জানান, জ্বালানির জন্য গ্যাসের সংযোগ না থাকায় আগে বাড়ির একটা অংশ ভাড়া দিয়ে তিনি সাড়ে তিন হাজার টাকা পেতেন। এখন পাচ্ছেন পাঁচ হাজার টাকা। এই প্ল্যান্ট তৈরিতে তাঁঁর মাত্র ১২ হাজার টাকা খরচ হয়েছে। চর কালীবাড়ী এলাকার আরিফুল ইসলাম, মো. শিপলু, পলাশ আহমদ ও দীপক কুমার একসঙ্গে ছয়টি বয়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন। তাঁরা এখান থেকে খামারের ২০টি গাভির খাবার তৈরি করছেন। পাশাপাশি তাঁরা উদ্বৃত্ত গ্যাস দিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবেন।বেতাগৈর গ্রামের নূর মোহাম্মদ, সেলিনা আক্তার, জহিরুল ইসলাম, তরিকুল ইসলাম ও নোছআত জাহান নামের পাঁচ গ্রাহক তাঁদের বাড়িতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন। নূর মোহাম্মদ জানান, খামারের ২৮টি গরুর জাউ (একধরনের খাদ্য) রান্নার জন্য প্রতিদিন ১৫০ টাকা জ্বালানি খাতে খরচ করতে হতো। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করার পর জ্বালানি খরচ তেমন হচ্ছে না। এখন উদ্বৃত্ত গ্যাস দিয়ে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করার কথা ভাবছেন তাঁরা। গ্যাস উৎপাদনের পর কূপ থেকে বের হওয়া বর্জ্য তাঁরা জৈব সার হিসেবে বিক্রি করছেন।