নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নির্বাচন সামনে রেখে ভোটাররা ঘুরেফিরে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের কাছে দুটি দাবি জানিয়ে আসছেন। প্রার্থীরাও নির্বাচিত হলে ভোটারদের দাবি দুটি পূরণ করবেন বলে আশ্বাস দিয়ে গণসংযোগ করছেন। ভোটারদের প্রথম দাবিটি হচ্ছে, পৌরসভার টিপরদী এলাকায় অবস্থিত একটি শিল্পকারখানার দূষিত বর্জ্যের পানি বন্ধ করা এবং অন্য দাবিটি হলো, পৌর ভবন নির্মাণ।পৌরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই কারখানা থেকে বের হওয়া দূষিত বর্জ্যের পানিতে পৌরসভার গোয়ালদী, টিপরদী, ছোট শিলমান্দি, তাজপুর, ইছাপাড়া গ্রাম এবং পার্শ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়নের আটটি গ্রামের কয়েক শ কৃষক গত আট বছর ধরে জমিতে ফসল ফলাতে পারছেন না। পুকুরের পানিতে মাছ চাষ, রান্নাবান্না, গোসলসহ গৃহস্থালির কাজ করতে পারছেন না। দুর্গন্ধযুক্ত বিষাক্ত বর্জ্যপানির কারণে এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ও বিষাক্ত বর্জ্যের পানি সরকারি খালে নিষ্কাশন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে চৈতি কম্পোজিট নামের ওই শিল্পপ্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। চলতি বছরের আগস্টে পরিবেশ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে ৬৫ লাখ টাকা জরিমানা করে। এত কিছুর পরও বন্ধ হয়নি এর দূষিত বর্জ্য নিঃসরণ। এ ব্যাপারে চৈতি কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম জানান, তাঁরা শিগগির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ শুরু করবেন। তখন আর গ্রামবাসীর ক্ষতি হবে না। টিপরদী গ্রামের বাসিন্দা খালেক প্রধান বলেন, ‘যে প্রার্থী আমাদের বর্জ্যমিশ্রিত পানি বন্ধ করার প্রতিশ্রুতি দেবেন, তাঁদেরই ভোট দেব আমরা।’এদিকে ২০০১ সালে সোনারগাঁ পৌরসভা গঠিত হওয়ার পর এখনো পৌর ভবন না হওয়ায় পৌরবাসীর ক্ষোভের শেষ নেই। সাবেক আমিনপুর ইউনিয়নের শত বছরের পুরোনো একটি ভবনে চলছে পৌরসভার কার্যক্রম। এ ভবনের ছাদের পলেস্তারা গত বছর থেকে খসে পড়া শুরু হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন খোলা আকাশের নিচে দাপ্তরিক কাজ করার পর এখন জীবনের ঝুঁকি নিয়ে ওই ভবনেই কাজ করছেন। এ ব্যাপারে বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মোল্লা জানান, জমি নিয়ে জটিলতার কারণে এত দিন পৌর ভবন হয়নি। ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করে যাবতীয় কাজ শেষের পথে। এখন বাকি শুধু দরপত্র আহ্বান।নোয়াইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, পৌর ভবন হওয়া এখন পৌরবাসীর প্রথম দাবি। যে প্রার্থী পৌর ভবন করার জন্য কাজ করবেন, ভোটাররা তাঁকেই ভোট দেবেন। অপর দুই প্রার্থী নাগরিক কমিটির সাদেকুর রহমান ও আওয়ামী লীগসমর্থিত প্রার্থী গাজী মজিবুর রহমান জানান, নির্বাচিত হলে তাঁদের দুজনেরই প্রথম কাজ হবে দূষিত বর্জ্যের পানি বন্ধ ও পৌর ভবন নির্মাণ করা।