বর্জ্য পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি দাবি টিআইবির
বর্জ্য পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার বেলা ১১টায় এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। বিশ্ব পানি দিবস উপলক্ষে টিআইবি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে লিখিত বক্তব্যে টিআইবির সিনিয়র প্রোগ্রামার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশে আইনি কাঠামো থাকা সত্ত্বেও নানা কারণে পানিদূষণ কমছে না, বরং বাড়ছে। পানিসম্পদ ব্যবস্থাপনায় দুর্নীতি বাংলাদেশের পানি খাতে সমস্যার একটি উল্লেখযোগ্য কারণ।
বাংলাদেশের পানি ও বর্জ্য পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সাতটি সুপারিশ উপস্থাপন করা হয়। সুপারিশের মধ্যে রয়েছে বাংলাদেশ পানি আইন ২০১৩ বাস্তবায়ন করা, কলকারখানার জন্য একক বা কেন্দ্রীয়ভাবে বর্জ্য শোধনাগার (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) নিশ্চিত করা, পানি ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা উন্নয়নে স্থানীয় লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করা, শিল্পবর্জ্য নির্গমন রোধে আইন ও বিধিমালার কঠোর প্রয়োগ, জাতীয় ও আন্তর্জাতিক উৎস থেকে পানি খাতে তহবিলের সুষ্ঠু বরাদ্দ ও ব্যবহার নিশ্চিত করা।
মানববন্ধনে টিআইবি সদস্য আইনজীবী তানবীর সিদ্দিকী বলেন, এ দেশে পানির ব্যবস্থাপনাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। পানি ব্যবস্থাপনা কতটা খারাপ, তা পানিসংকটের মাধ্যমে শহরবাসী বুঝতে পারেন। বুড়িগঙ্গা নদীটি এখন পর্যন্ত দখল ও দূষণমুক্ত করা যায়নি।
মানববন্ধনে সংহতি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সমস্যা প্রকট আকার ধারণ করেছে। উপকূল এলাকা আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে নিমজ্জিত হবে। বিভিন্নভাবে নদী ধ্বংস করা হচ্ছে। বুড়িগঙ্গার দিকে তাকালেই এটা বোঝা যায়।
জীবন ও জীবিকার জন্য পানির সঠিক ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে ১৯৯৩ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বর্জ্য পানির পুনর্ব্যবহার’।