বর্জ্য পানির ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণ চায় টিআইবি
বর্জ্য পানির ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার সকালে টিআইবি আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বর্জ্য পানির পুনর্ব্যবহার’।
মানববন্ধনে টিআইবির সিনিয়র প্রোগ্রামার মোহাম্মদ জাহিদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশে আইনি কাঠামো থাকা সত্ত্বেও নানা কারণে পানিদূষণ কমছে না, বরং বাড়ছে। পানিসম্পদ ব্যবস্থাপনায় দুর্নীতি বাংলাদেশের পানি খাতে সমস্যার একটি উল্লেখযোগ্য কারণ।
মানববন্ধনে পানি ও বর্জ্য পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হলো পানি আইনের বাস্তবায়ন, কলকারখানার জন্য বর্জ্য শোধনাগার নিশ্চিত করা, পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থায় স্থানীয় লোকজনের অংশগ্রহণ, শিল্পবর্জ্য নির্গমন রোধে আইন ও বিধিমালার কঠোর প্রয়োগ, জাতীয় ও আন্তর্জাতিক উৎস হতে পানি খাতে তহবিলের সুষ্ঠু বরাদ্দ ও ব্যবহার নিশ্চিত করা।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পানিসমস্যা প্রকট আকার ধারণ করেছে। নানা কারণে নদী ধ্বংস করা হচ্ছে। বুড়িগঙ্গার দিকে তাকালেই এটা বোঝা যায়।
টিআইবির সদস্য তানবীর সিদ্দিকী বলেন, দেশে পানির ব্যবস্থাপনাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। পানি ব্যবস্থাপনা কতটা খারাপ, সেটা সংকটকালে শহরের মানুষ বোঝে।